নির্দিষ্ট সময়ের পর আরও ১৪ মাস পেরিয়ে গেলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদে রাবার ড্যামের নির্মাণকাজ শেষ হয়নি। এতে করে ড্যামের পানি দিয়ে সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচটি মৌজার পাঁচ হাজারের বেশি চাষি। গত বছরের অক্টোবরে ড্যামের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
এলাকার কয়েকজন চাষি জানান, ঠিক সময়ে ড্যামের নির্মাণকাজ শেষ না হওয়ায় নদের পানি দিয়ে ধান, গম, সরিষা আবাদের সুযোগ থেকে পর পর দুবার তাঁরা বঞ্চিত হয়েছেন। চলতি বছরের শুরুর দিকে কাজ ছেড়ে চলে যান ঠিকাদারের লোকজন। এরপর আর কাজ শুরু করা হয়নি।
বাঁশগাড়া গ্রামের গোপাল দেবনাথ বলেন, ‘এবারও রাবার ড্যামের পানি পেলাম না। ঘুরেফিরে শ্যালো দিয়েই চাষাবাদ করতে হচ্ছে।’ সাগুনী গ্রামের পরিবউদ্দীন ও মসলন্দপুর গ্রামের সুরেশ চন্দ্র রায়ও একই কথা বলেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, রাবার ড্যামের দুই পাশের নির্মাণাধীন দেয়ালসংলগ্ন সিসি ব্লকের কাজ শেষ হয়নি। পাম্পহাউস তৈরি হলেও তাতে পাম্প বসেনি। অন্যান্য কাজও বাকি পড়ে আছে। ড্যামে স্থাপন করা রাবারগুলোও এলোমেলোভাবে রয়েছে।
রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ভানু দেবনাথ ও সম্পাদক ইয়াকুব আলী জানান, গত মাসে কয়েকজন প্রকৌশলী এলাকায় এলে ড্যাম চালু হবে বলে সবাই আশা করেছিলেন। পরে জানা গেল, তাঁরা অন্য কাজে এসেছিলেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, নদের নাব্যতাকে স্বাভাবিক রেখে শুষ্ক মৌসুমে টাঙ্গন নদে পানি সংরক্ষণ করে সাগুনী, বাঁশগাড়া, চাপোড়, মসলন্দপুর ও পাড়িয়া মৌজার প্রায় এক হাজার হেক্টর জমিতে সেচসুবিধা দেওয়া ও সংরক্ষিত পানিতে মাছ চাষের অভয়াশ্রম সৃষ্টি করাই এর উদ্দেশ্য।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় ২০১০ সালের জুলাইয়ে আট কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকায় টাঙ্গন নদের ওপর ৯০ মিটার দীর্ঘ রাবার ড্যামের নির্মাণকাজ শুরু করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম সরোয়ার জেভি এই নির্মাণকাজ করছে। ২০১২ সালের ১১ অক্টোবর এ কাজ শেষ হওয়ার কথা ছিল।
ঠিকাদার আবদুল আজিজ বলেন, ‘কাজের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। পুনঃপ্রাক্কলন অনুমোদন না হওয়ায় কাজ শেষ করা যায়নি।’
পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী তাজমিল খান, রাবার ড্যাম প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ নভেম্বরে পরিদর্শনে এলে তাঁদের নির্মাণকাজ বন্ধের বিষয়টি জানানো হয়।