রাবার ড্যামের অবকাঠামো নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের টাঙ্গন নদে রাবার ড্যামের অবকাঠামো নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জের সাগুনী গ্রামে রাবার ড্যাম তৈরির কাজ গত বর্ষা মৌসুমে সাময়িক বন্ধ রাখার পর প্রায় তিন মাস আগে আবার শুরু হয়েছে। এবার বেশির ভাগ কাজই হচ্ছে আরসিসি ঢালাইয়ের। এলাকাবাসীর অভিযোগ, টাঙ্গন নদ থেকে মাটিমিশ্রিত বালু তুলে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। জাল দিয়ে না ছেঁকেই বালু-পাথর নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। দরপত্র অনুযায়ী আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে ৪:২:১ অনুপাতে যথাক্রমে পাথর, বালু ও সিমেন্ট মিশিয়ে ঢালাইয়ে ব্যবহার করার নির্দেশ থাকলেও এখানে তা মানা হচ্ছে না। সিমেন্ট দেওয়া হচ্ছে কম। পীরগঞ্জের বাঁশগাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অবিনাশ চন্দ্র বলেন, ‘এখানে নিম্নমানের মাটিমিশ্রিত বালু দিয়ে রাবার ড্যামের মতো এত বড় প্রকল্পের কাজ করা হচ্ছে, অথচ প্রকৌশলীরা দেখেও দেখেন না।’ সাগুনী গ্রামের নিতাই রায় বলেন, ‘রাস্তার ওপর ফেলে রাখা পাথরগুলো তুলে এনে ঢালাইয়ের মিশ্রণ তৈরি করা হচ্ছে, একবারও ছাঁকতে দেখলাম না।’ নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্মরত দুজন নির্মাণশ্রমিক জানান, নদীর তলদেশে মাটির নিচে সেন্টার ফ্লোর, আপ ও ডাউন স্টিম ফ্লোর, ব্লক ডিভাইস, ফ্লোর বেজড ঢালাইসহ বিভিন্ন স্তরে নামমাত্র রড বিছিয়ে তার ওপর ১-২ ফুট পুরু ঢালাইয়ের মিশ্রণ ফেলে সেগুলো ঢেকে দেওয়া হয়েছে। এলজিইডির ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, আট কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকার চুক্তিতে পীরগঞ্জ উপজেলার সাগুনী সেতুর পাশে টাঙ্গন নদের ওপর ৯০ মিটার দীর্ঘ রাবার ড্যামের অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হয়। গত বছরের ৩০ জানুয়ারি এ কাজ শুরু হয়। গোলাম সরোয়ার জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্মাণাধীন রাবার ড্যামের সেন্টার ফ্লোর, আপ এবং ডাউন স্টিম ফ্লোর, ব্লক ডিভাইস, ফ্লোর বেজ ঢালাইসহ বিভিন্ন স্তরের ঢালাইয়ের কাজ শেষের পথে। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, রাবার ড্যামের মধ্য দেয়াল, পাম্প হাউস এবং পূর্ব-দক্ষিণ পাশের এবাটমেন্ট দেয়ালের (পার্শ্ব দেয়াল) ঢালাইয়ের কাজ চলছে। ড্যামের দক্ষিণ পাশে মাটিমিশ্রিত বালুর স্তূপ, তাতে আগাছা গজিয়েছে। সেখান থেকে বালু নিয়ে তা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম সরোয়ার জেভির সাইট সহকারী হারুণ অর রশীদ বলেন, ‘বালুর রং দেখতে খারাপ হলে কী হবে, সব ধরনের নির্মাণ উপকরণ প্রকৌশলী দিয়ে পরীক্ষা করা হয়েছে।’ গোলাম সরোয়ার আরও বলেন, ‘যখন দরপত্র আহ্বান করা হয়েছিল, তখন প্রতি কেজি রড ৪২ এবং প্রতি ব্যাগ সিমেন্ট ৩০০ টাকা ছিল। এখন দাম বেড়ে গেছে। এ কারণে কাজের মান একটু খারাপ হতেই পারে।’ পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী মো. নুরুজ্জামান সরদার বলেন, ‘নির্মাণকাজে অনিয়মের কোনো অবকাশ নেই। যে বালু সেখানে স্তূপ করা আছে, সেগুলো মূলত ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য নয়, ফিলিংয়ের জন্য। আগে কী হয়েছে জানি না, তবে এখন মাটিমিশ্রিত বালু ঢালাইয়ের কাজে ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের লোক সেখানে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।’