রাবার বাঁধ খুলে দিচ্ছে সমৃদ্ধির দুয়ার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার বাঁধ আজ শনিবার উদ্বোধন করা হচ্ছে। এই বাঁধ নির্মিত হওয়ায় এই এলাকার কৃষকদের সেচ-সমস্যা দূর হবে। প্রায় ১ হাজার ৮৭৫ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এতে এখানে বোরো ধানের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) শেরপুর কার্যালয় ও নালিতাবাড়ী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী নদীর সন্ন্যাসীভিটা এলাকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে ১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে রাবার বাঁধ নির্মাণ করা হয়েছে। এই কাজের তত্ত্বাবধান করে বিএডিসি। এর দৈর্ঘ্য ৩৬ মিটার ও প্রস্থ সাড়ে চার মিটার। এই বাঁধ স্থাপনের ফলে নদীর উজানে সাড়ে চার কিলোমিটার এলাকায় পানি মজুত থাকবে। এই মজুত পানির মাধ্যমে উপজেলার বাঘবেড়, রাজনগর ও কলসপাড় ইউনিয়নের ২ হাজার ৮০০ কৃষকের ১ হাজার ৮৭৫ একর জমি সেচ-সুবিধা পাবে। ফলে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস পাবে। কৃষকেরা খুব সহজে কম খরচে তাঁদের জমিতে সেচ দিতে পারবেন।
সন্ন্যাসীভিটা এলাকার কৃষক রহমত আলী বলেন, ‘বাঁধ অওয়াতে এলাকার মানুষের বিরাট উপকার অইলো। শুকনা মৌসুমে পানির অভাবে এলাকার মানুষ ঠিকমতো চাষবাস করবার পাইত না। অহন হেই দুশ্চিন্তা দূর অইলো।’
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, ‘এ বাঁধের ফলে উপকারভোগী কৃষকেরা ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে কম খরচে শুষ্ক মৌসুমে ফসল আবাদ করতে পারবেন। এর ফলে ওই এলাকায় ফসলের উৎপাদন বাড়বে ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।’
এ বিষয়ে বিএডিসি শেরপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. নুর মোহাম্মদ বলেন, ‘রাবার বাঁধের উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ দুপুর ১২টার সময় বাঁধ উদ্বোধন করবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এরপর সন্ন্যাসীভিটা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন। এতে স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান বক্তা এবং পরিবেশ ও বনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।