রাবার বাগান উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) পুনর্বাসিতদের রাবার বাগানের জমি বেদখলের প্রতিবাদে ও ওই জমি দখলদারমুক্ত করার দাবিতে গতকাল বুধবার সদর উপজেলার রাজবিলা এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছে। পরে পাচউবোর চেয়ারম্যান বীর বাহাদুরের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে মাল্টিপারপাস এগ্রো প্রজেক্ট (এমএপি) নামে ওই জমির ইজারা বাতিল ও ভূমি দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে পাচউবোর রাবার বাগানের ব্যবস্থাপনা কমিটির মহাব্যবস্থাপক (জিএম) সুখময় চাকমাও রাবার বাগানের বেদখল করা জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে চিঠি লিখেছেন।গতকাল সকাল ১০টার দিকে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পাচউবোর পুনর্বাসিত ব্যক্তিরাসহ এলাকাবাসী মানববন্ধন করে। জেলা শহরের সুশীল সমাজের নেতারাও এ কর্মসূচিতে যোগ দেন। বক্তাদের দাবি, এমএপির ‘বেদখল’ করা জমির ‘তথাকথিত’ ইজারা অবিলম্বে বাতিল করতে হবে। তাঁরা হুঁশিয়ার করে দিয়ে বলেন, ওই ভূমি দখলমুক্ত না হলে এর জেরে সহিংস ঘটনা ঘটলে প্রশাসনকে এর দায়দায়িত্ব নিতে হবে।