রাবার বাগানে একটি লাশ এবং পাঁচ হত্যাকারী...
বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হওয়া এক ব্যক্তির পাঁচ হত্যাকারীর সন্ধান পেয়েছে চট্টগ্রামের পুলিশ। হত্যাকারীদের একজন গ্রেপ্তারও হয়েছেন। হত্যার দায় স্বীকার করে এই আসামি গতকাল সোমবার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। পুলিশ সূত্র জানায়, গত ৬ অক্টোবর ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হেঁয়াকো রাবার বাগান থেকে পুলিশ ৩৫-৪০ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তাঁর পরনে কালো প্যান্ট ও কালো শার্ট এবং পায়ে কালো জুতা ছিল। পরে বেওয়ারিশ হিসেবে এই ব্যক্তির লাশ চট্টগ্রাম নগরের একটি কবরস্থানে দাফন করা হয়। লাশ উদ্ধার হওয়ার দুই-তিন দিন আগে লোকটিকে হত্যা করা হয়েছে বলে আসামি স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. আলমগীর হোসেন (২৮)। তাঁর গ্রামের বাড়ি ভুজপুর এলাকায়। তক্ষক কিনতে আসা অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে ছয় লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন আলমগীর ও তাঁর আরও চার সহযোগী। পরে হেঁয়াকো রাবার বাগানে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যাকারীদের সঙ্গে ওই ব্যক্তির পরিচয় হয় ঘটনার দুদিন আগে। তবে নিহত ব্যক্তির নামধাম ও পরিচয় জানা নেই হত্যাকারীদের। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন ভুইয়া প্রথম আলোকে বলেন, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ নাজিরহাট থেকে মো. আলমগীর হোসেন (২৮) নামের এক আসামিকে গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর গ্রামের বাড়ি ভুজপুরের বাঁশবাগানের মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো গুলিসহ একটি এলজি উদ্ধার করা হয়। এ-সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের সময় বেরিয়ে আসে হেঁয়াকো রাবার বাগানে উদ্ধার হওয়া লাশের মৃত্যুর কাহিনি।আসামি আলমগীর গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘ফেনীর লালপোল এলাকায় এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। তক্ষক কেনার জন্য তিনি ভুজপুরে আসার প্রস্তাব দেন। আমরা তাঁকে তক্ষক সংগ্রহ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। তিনি ছয় লাখ ৬৫ হাজার টাকা নিয়ে আমাদের এলাকায় আসেন।’আলমগীর আরও বলেন, ‘আমরাও ছোট একটি তক্ষক জোগাড় করে বাড়িতে রেখেছিলাম। তিনি (নিহত ব্যক্তি) ওই তক্ষক দেখে পছন্দ করেননি। পরে আরও বড় আকৃতির তক্ষক দেখানোর কথা বলে তাঁকে রাবার বাগানে নিয়ে যাই। সেখানে গলা টিপে হত্যা করে টাকা নিয়ে চলে আসি।’ভুজপুর থানার ওসি শামসুদ্দীন জানান, অজ্ঞাত ব্যক্তির খুনের ঘটনায় মোট পাঁচজন জড়িত। বাকি চারজন হলেন মো. কাশেম নিজামী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রহিম ও জিয়াউল হক জিয়া। হত্যাকাণ্ডের পর পাঁচ আসামি কত টাকা করে ভাগ পেয়েছেন তা আলমগীর স্বীকার করেছেন।