রাবার বাগানের উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) রাবার বাগানের উপকারভোগীরা প্রতিশ্রুত উপকার না পেয়ে অনির্দিষ্টকালের জন্য রাবার উৎপাদন বন্ধ করে দিয়েছেন। বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে লভ্যাংশ বিতরণে অনিয়ম দূর না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখবেন বলে তাঁরা গতকাল শনিবার জানিয়েছেন। তবে ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, প্রক্রিয়াজতকরণ যন্ত্র খারাপ হওয়ায় রাবারের মান কমে গেছে। এ জন্য উপকারভোগী বা বাগানিদের লভ্যাংশও কমে গেছে। বাগানি জয়মনি তঞ্চঙ্গ্যা ও মংছো মারমা অভিযোগ করেন, উৎপাদিত রাবারের মান কমে যাওয়ার বিষয়টি সঠিক নয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দুর্নীতির কারণে রাবারের উৎপাদন যত বাড়ছে, তাঁদের লভ্যাংশ প্রাপ্তি তত কমছে। এ জন্য তাঁরা উৎপাদন বন্ধ করে দিয়ে আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তাঁরা পয়লা মে থেকে রাবারগাছ থেকে রস সংগ্রহ ও কারখানায় সরবরাহ বন্ধ করে দিয়েছেন। জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাকিছড়া নোয়াপাড়ায় গিয়ে রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ দেখা গেছে। কয়েকজনকে গুদামে কর্মরত দেখা গেলেও কোনো কথা বলতে রাজি হননি। কারখানার তত্ত্বাবধায়ক কালামং মারমা বলেন, টেপাররা (যাঁরা রাবারের রস সংগ্রহ করেন) রস সরবরাহ না করায় কারখানা চালানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া প্রক্রিয়াজাতকরণের একটি যন্ত্র দুই মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। তবে তাঁরা কেন রস সরবরাহ করছেন না, তা তাঁর জানা নেই বলে জানান। রাবার বাগানের রাজবিলা ২ নম্বর পাড়ার উচিমং মারমা, অমর তঞ্চঙ্গ্যাসহ বাগানিরা অনেকে বলেন, ২০০৯-১০ সালে উৎপাদন শুরুর সময় উৎপাদনের পরিমাণ কম ছিল। কিন্তু লাভের টাকা ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতেন। এখন দ্বিগুণ-তিন গুণ উৎপাদন বাড়লেও তাঁদের লাভের অংশ দেওয়া হচ্ছে তিন হাজার টাকা। রাবার বাগান ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভের অংশ কেন কমে যাচ্ছে এবং বাগানের জন্য কী করতে হবে, কোনো কিছু বলছে না। শুধু কয়েকজন পাড়াপ্রধানের সঙ্গে রহস্যজনক সম্পর্ক রেখে কাজ চালাচ্ছেন। রাবার বাগানের বান্দরবানের ব্যবস্থাপক অমিয় ত্রিপুরা বলেন, বাগানিরা কর্মবিরতি পালনের আগে তাঁদের সঙ্গে কোনো কথা বলেননি। কেন তাঁরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন, তা তিনি জানেন না। তিনি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছেন রাবারের মান কমে যাওয়ায় দামও কমেছে এবং লাভের অংশ কম হচ্ছে। বিষয়টি বোঝালেও লেখাপড়া না জানা বাগানিরা বোঝেন না বলে তিনি মন্তব্য করেন।