রাবার বাগানের কর্মকর্তাদের ওপর চোরদের হামলা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা সরকারি রাবার বাগানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা করেছে সংঘবদ্ধ চোরের দল। এ সময় আত্মরক্ষার্থে বাগানের আনসার সদস্যরা তিনটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভাটেরা রাবার বাগান সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ভাটেরা সরকারি রাবার বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, কিছু কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্য গতকাল দুপুরে বাগান পরিদর্শনে বের হন। তাঁরা বাগানের বরমচাল ইউনিয়নের ৫ নম্বর সেকশনের কলিমাবাদ এলাকায় ২০ থেকে ২৫ জন লোককে রাবার চুরি করতে দেখেন। রাবার বাগানের লোকজন তাদের নিষেধ করেন। তখন চোরের দল বাগানের লোকজনের দিকে পাথর ছুড়তে থাকে। একপর্যায়ে আরও লোকজন এসে তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় শতাধিক লোক দা, রামদা, বল্লম ইত্যাদি নিয়ে রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। প্রাণ রক্ষায় আনসার সদস্যরা তিনটি ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে রাবার বাগানের কার্যালয় থেকেও আরও লোকজন ঘটনাস্থলে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আজাদ খান (৪৫) ও সাহেল খান (২৮) নামের দুজন আহত হয়েছেন। ভাটেরা সরকারি রাবার বাগানের সহব্যবস্থাপক (মাঠ) আপ্তাব উদ্দিন চৌধুরী গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘একদল লোক রাবার বাগান থেকে প্রতিনিয়ত রাবার চুরি করছে। পরিদর্শনে গিয়ে আজ আমরা চোরদের হামলার শিকার হয়েছি। আমরা এখানে চাকরি করতে এসে অসহায় অবস্থায় আছি।’ সহব্যবস্থাপক (মাঠ) জানান, আক্রমণকারী অনেকের নামে রাবার চুরির একাধিক মামলা আছে। এ ঘটনায়ও মামলা করা হবে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম আল বারী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘রাবার চোরদের আক্রমণের মুখে আনসার সদস্যরা আত্মরক্ষার্থে দুটি ফাঁকা গুলি ছুড়েছেন। এতে আজাদ খান ও সাহেল খান নামের দুজন আহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। আহতরা আত্মগোপনে থাকায় তাদের পাইনি।’