রাবার বাগানের জন্য কেটে ফেলা হয়েছে ২০ হাজার চারাগাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া ইউনিয়নের তাপবিদ্যুৎকেন্দ্রের সামনে পাহাড়ি এলাকায় রাবার বাগান গড়ে তুলতে ২০ হাজার চারাগাছ কেটে ফেলা হয়েছে। গত ১৭ দিনে এসব চারাগাছ কেটে ফেলা হয়। প্রতিদিনই গাছ কাটার কাজ চলছে বলে জানান স্থানীয় লোকজন। স্থানীয় একাধিক সূত্র জানায়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) পোমরা ও ঊনসত্তরপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় ১ জুলাই থেকে রাবার বাগান গড়ে তোলার কাজ শুরু করে। করপোরেশনের নিযুক্ত প্রায় ৭০ জন শ্রমিক রাবার গাছ রোপণের জন্য পাহাড় থেকে প্রতিদিন গাছ কেটে সাবাড় করছেন। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পাহাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে নানা প্রজাতির অসংখ্য চারাগাছ রয়েছে, যা কেটে জ্বালানি কাঠে পরিণত করা হচ্ছে। পাহাড়ের প্রায় ১০টি স্থানে পৃথকভাবে স্তূপ করে রাখা হয়েছে এসব কাঠ। স্থানীয় কয়েকজন মানুষ এসব কাঠ কেনার জন্য শ্রমিকদের সঙ্গে দর-কষাকষি করছেন। এ ছাড়া কেটে ফেলা বহু চারাগাছ পাহাড়জুড়ে পড়ে রয়েছে। মো. সোহেল, মো. মনসুর ও নুর মোহামঞ্চদসহ কয়েকজন শ্রমিক ১ জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার চারাগাছ কেটে ফেলার কথা স্বীকার করেছেন। বেলাল হোসেন নামের এক ব্যক্তি কাঠ কেনার সময় জানান, রাউজান উপজেলার প্রায় ৪৫ জন উদ্যমী মানুষ বনানী বহুমুখী সমবায় সমিতির আওতায় পাহাড়গুলোতে চারাগাছগুলো রোপণ করেন, যেখানে পাঁচ-ছয় বছরের চারাগাছসহ ১৫ বছর বয়সের মূল্যবান বৃক্ষও রয়েছে। বনানী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. কাসেম জানান, ১৯৬৩ ও ১৯৭৪ সালে পাহাড়ের প্রায় ৬৩ একর জমিতে আকাশমনি, মেহগনি, সেগুন, গামারি, গর্জন, চাপালিশ, আম, জাম, কাঁঠাল, লিচুসহ ফলদ, ফুলজ ও বনজ জাতের চারাগাছ লাগিয়ে বনায়ন সৃজন করা হয়। গত ছয় বছর আগেও এ বাগানে প্রায় ৪০ হাজার চারাগাছ রোপণ করা হয়। এ ছাড়া বাগানে বর্তমানে প্রায় এক লাখ গাছ রয়েছে। রাবার বাগান গড়ে তুলতে যা উজাড় করে ফেলছে বিএফআইডিসি। ১ জুলাই থেকে এ পর্যন্ত বাগানের প্রায় ৩০ একর জমির ২০ হাজার চারাগাছ ও পাঁচ হাজার মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার কাজ প্রতিদিন চলছে। ফলে বাগানের বাকি প্রায় ৭৫ হাজার গাছও কেটে ফেলার আশঙ্কা করছেন তিনি। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাবার বাগান প্রকল্পের রাঙ্গুনিয়া রাবার বাগানের ব্যবস্থাপক দেবু প্রসাদ বড়ুয়া বলেন, বিএফআইডিসি ওই এলাকার ৫৩২ একর বনভূমিতে রাবার বাগান গড়ে তোলার কাজ করছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বন বিভাগ এসব জমি বিএফআইডিসিকে হস্তান্তর করে। এসব ভূমিতে হাজার খানেক চারাগাছ ছিল, যা কেটে ফেলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য গাছ থাকলে রাবার গাছ ভালো হয় না। ফলে ওই জমিতে যত গাছই থাকুক না কেন, সব কেটে ফেলা হবে।