রাবার বাগানের তিন প্রহরীকে অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম বেতডুরি এলাকার একটি রাবারবাগানের তিন প্রহরীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অপহরণকারীরা তিনজনের স্বজনদের কাছে মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। টাকা না দিলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।
অপহৃত ব্যক্তিরা হলেন বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের আজিজুল হক (৩২), আবদুস শুক্কুর (২৮) ও হলুদ্যাশিয়া গ্রামের নুরুল আলম (৩৫)। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি।
বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, কয়েক দিন ধরে কয়েকটি রাবারবাগানের মালিকদের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদার জন্য রাবারবাগানের তিন প্রহরীকে অপহরণ করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসেও ইউনিয়ন থেকে তিন কৃষককে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। এর মধ্যে একজন আস্তানা থেকে পালিয়ে এলেও অপর দুজন মুক্তিপণ দিয়ে ছাড়া পান।
অপহৃত আজিজুল হকের ভাই আবদুল হামিদ বলেন, গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে অপহরণকারীরা সর্বশেষ মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তারা বলেছে, তিনজনের জন্য তিন লাখ টাকা দিতে হবে। না হলে ছেড়ে দেওয়া হবে না। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তিনজনকেই হত্যা করা হবে।
নাইক্ষ্যংছড়ির বাইশারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু মুসা বলেন, সন্ত্রাসীরা মুঠোফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় তাদের অবস্থান সম্পর্কে জানা যাচ্ছে না। মুক্তিপণ চাওয়ার বিষয়টি তাঁর জানা নেই।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চলছে।