রাবারবাগানের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় বন্য হাতি হত্যার দায়ে সানমার গ্রুপের রাবারবাগানের ব্যবস্থাপকসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
লামার বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাবারবাগানে মাটিচাপা অবস্থায় হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্য প্রাণী আইনে মামলা করা হয়। পরে আদালত সানমার রাবারবাগানের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গত মঙ্গলবার লামার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা থানায় এসে পৌঁছালে সানমার রাবারবাগানের ব্যবস্থাপক মফিজুর রহমান ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ হানিফকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
বন বিভাগের ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, লামার ফাসিয়াখালী ইউনিয়নের ডলুঝিরি এলাকায় সানমার রাবারবাগানে একটি হাতিকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখা হয়। এ ঘটনা তদন্তে মফিজুর রহমান ও মোহাম্মদ হানিফ জড়িত থাকার সত্যতা মিলেছে।
জানতে চাইলে সানমার গ্রুপের চট্টগ্রাম অঞ্চলের প্রধান শফিকুল ইসলাম বলেন, হাতি হত্যার অভিযোগে মামলা হয়েছে সত্য। কিন্তু মামলাটি কী অবস্থায় রয়েছে, তা তাঁর জানা নেই।