রাবারের কষে জীবিকার রসদ
ভোর চারটা-পাঁচটায় কাজ শুরু হয় শেফালির। বিশেষ ধরনের চাকু দিয়ে নিয়ম মেনে রাবারগাছের বাকল কাটতে হয়। কাটা জায়গা থেকে কষ বের হওয়া শুরু হলে তাতে বিশেষ কায়দায় পাতা লাগাতে হয়। পাতা থেকে চুইয়ে সেই কষ জমা হয় নিচে বসানো বাটিতে, আর সংসার খরচের হিসাব মেলাতে থাকেন শেফালি।
শুধু শেফালি নন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সন্তোষপুর রাবার বাগানের নারী শ্রমিকেরা কষ সংগ্রহ করে এভাবে বছরের পর বছর জীবিকার রসদ সংগ্রহ করে যাচ্ছেন।
শেফালির স্বামী মারা গেছেন সাত বছর আগে। তিনি পাঁচ বছর ধরে এই কাজ করছেন। রাবার বাগানে কাজ করে এক মেয়েকে ষষ্ঠ এবং আরেক মেয়েকে পঞ্চম শ্রেণিতে পড়াচ্ছেন।
শেফালিসহ প্রত্যেককে দিনে ৩০০ গাছ কেটে বাটি বসাতে হয়। সকাল ১০টার মধ্যে বাটি বসানোর কাজ শেষ করতে হয়। রোদ বাড়লে গাছ থেকে আর কষ বের হয় না। তারপর রাবার বাগানের পাশেই অফিস থেকে গাড়ি এলে বাটির কষ জমা দিতে দিতে দুপুর হয়ে যায়। কোনো দিন বেলা তিনটা বেজে যায় বাড়ির পথ ধরতে।
মাস শেষে ১১ টাকা কেজি হিসাবে পারিশ্রমিক পান তাঁরা। তবে শেফালিরা সব সময় এমন পারিশ্রমিক পান না। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাবারের কষের উৎপাদন ভালো হয়। তখন কর্তৃপক্ষ সাত টাকা কেজি হিসাবে পারিশ্রমিক দেয়।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীনে সরকারের মোট ১৭টি রাবার বাগান আছে। টাঙ্গাইল-শেরপুর অঞ্চলে আছে পাঁচটি। এই অঞ্চলে পড়েছে সন্তোষপুর রাবার বাগান। বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান বললেন, এ বাগানে কষ সংগ্রহ করছেন আড়াই শর বেশি শ্রমিক। তাঁদের প্রায় ৭০ শতাংশই নারী। স্থায়ী শ্রমিক ২০ জন। এর মধ্যে নারী একজন। বাগানের মোট পরিমাণ ১ হাজার ৭৬ একর। গাছ আছে ১ হাজার ৩৬ একরে। বর্তমানে গাছের পরিমাণ ১ লাখ ৫৪ হাজার। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ বাগান সৃজন করা হয়। ১৯৯৭ সাল থেকে রাবারের কষ সংগ্রহ করা শুরু হয়।
মিজানুর রহমান বলেন, বাগানের আশপাশেই নারী শ্রমিকদের বাড়ি। গৃহস্থালি কাজ করার পাশাপাশি এ কাজ করে তাঁরা অর্থ উপার্জন করছেন। কয়েক ঘণ্টা কাজ করে যে অর্থ আয় করছেন, তা অন্যান্য কাজের চেয়ে যথেষ্ট ‘ভালো’।
তবে নারী শ্রমিকেরা এ ‘ভালো’ পারিশ্রমিকে খুব একটা সন্তুষ্ট নন। তাঁরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বলেন, চলতি বছরেই প্রথমবারের মতো তাঁরা ১১ টাকা হিসাবে পারিশ্রমিক পাচ্ছেন। এর আগে পারিশ্রমিক আরও কম ছিল। পরিশ্রমের তুলনায় টাকাটা বড্ড কম।
শেফালিসহ কয়েকজন নারী শ্রমিক পরনের পোশাক ও হাতের বিশেষ ধরনের কাঁচি দেখিয়ে বললেন, পোশাক ও যন্ত্রপাতিগুলোও নিজেদের কিনতে হয়। ঈদে কোনো উৎসব ভাতাও নেই। কষ বের করার সময় কাপড় নষ্ট হয়।
রোজিনা নামের একজন শ্রমিক গাছ কাটতে কাটতে বললেন, ‘কাজটা কিন্তুক এত সহজ না। তয় এখন অভ্যাস হইয়্যা গেছে।’ কোহিনূর জানালেন, প্রতিদিনের কষের হিসাব না রাখলে অফিসের লোকজন ঠকাতে চায়।
সালেহা ও তাঁর স্বামী ইয়াকুব দুজনেই এ বাগানে কাজ করেন। পুরুষেরা একটু বেশি কাজ করেন কি না প্রশ্ন শুনেই সালেহা বলেন, ‘ক্যান, আমরা নারীরা সমানই কাজ করতে পারি। দিনে ৩০০ গাছ তো কাটতে হইবোই।’ তাঁরা স্বামী-স্ত্রী মিলে কোনো কোনো মাসে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আয় করেন।
এলাকার লোকজন ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে এ বাগানের অবস্থা খারাপ। উৎপাদনের হার কমে গেছে। পাঁচ ফুটের নিচে গাছের বাকল কাটার নিয়ম। বেশি উৎপাদনের নেশায় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পাঁচ ফুটের ওপরে কাটতে নির্দেশ দেয়। এতে প্রাথমিকভাবে ভালো ফল পাওয়া গেলেও এখন উৎপাদন একেবারে কমে যাচ্ছে। তাই কর্তৃপক্ষ শ্রমিকের সংখ্যাও কমিয়ে দিয়েছে।
ব্যবস্থাপক মিজানুর রহমান এখানে দায়িত্ব পালন করছেন নয় মাস ধরে। বাগানের অবস্থা খারাপ বলে তিনিও স্বীকার করলেন। জানালেন, অনেক গাছ কেটে ফেলতে হবে। নতুন করে গাছ লাগাতে হবে। সে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে।
মিজানুর রহমান বলেন, এখানকার শ্রমিকেরা স্থায়ী শ্রমিকের মতো সুযোগ-সুবিধা পান না। তবে গত সেপ্টেম্বর থেকে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে শ্রমিক বছরে ২৮০ দিন উপস্থিত থাকবেন এবং অন্যান্য লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন, তাঁদের পোশাক, ঈদ ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। তাঁদের প্রশিক্ষণও দেওয়া হবে।