রাবি শিক্ষকের বাসার তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বাসার দরজা ভেঙে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে মামলা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঁঞা মতিহার থানায় এ মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের তাঁর ফ্ল্যাটে চোর ঢোকে। এ সময় চোরেরা তাঁর ফ্ল্যাটে থাকা চার-পাঁচ ভরি সোনা ও ২০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ফ্ল্যাটের ভেতর আসবাবও তছনছ করা হয়েছে।

আবদুল্লা আল-মামুন ভূঁঞা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের কোয়ার্টারের ওই ভবনের তিনতলার পূর্ব পাশের ফ্ল্যাটে তিনি ও তাঁর স্ত্রী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আকতার থাকেন। বিপরীত দিকের ফ্ল্যাটে একজন কর্মকর্তা থাকেন। ঈদের ছুটিতে তাঁরা বাসায় ছিলেন না। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ওই কর্মকর্তার স্ত্রী বাসা থেকে বের হতে গিয়ে দেখেন, তাঁদের গেটটি বাইরে থেকে আটকানো। কোনোভাবে তাঁরা সেটি খুলে বাসা থেকে বের হয়ে দেখেন সামনের ফ্ল্যাটে একটি অকেজো তালা ঝুলছে। এরপর তাঁরা দ্বিতীয় তলার এক শিক্ষককে খবর দেন। ওই শিক্ষক তখন আবদুল্লা আল-মামুনকে ফোন করে বিষয়টি জানান। তাঁর অনুমতিতে ভেতরে প্রবেশ করে দেখেন সব তছনছ অবস্থায় পড়ে আছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেওয়া হয়।

আবদুল্লা আল-মামুন আরও বলেন, ‘আমি গতকাল শুক্রবার এসে দেখি ঘর এলোমেলো হয়ে আছে। চোরেরা সোনার গয়না, মেডেল মিলিয়ে প্রায় চার-পাঁচ ভরি সোনা চুরি করেছে। এ ছাড়া প্রায় ২০ হাজার টাকা খোয়া গেছে। তবে ফোন, ল্যাপটপসহ ইলেকট্রনিক ডিভাইসগুলো চুরি হয়নি। বাসার নিচতলার গেটে সাধারণত তালা দেওয়া হয় না। তাই চোর হয়ত সরাসরি তিনতলায় চলে আসতে পেরেছিল।’

মতিহার থানার ওসি আনোয়ার আলী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, বাসায় চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক থানায় এসে মামলা করেছেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।