রাবির চারুকলায় বসন্তের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসন্তকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার দেয়াল সাজতে শুরু করেছে নতুন সাজে। ছবি: লেখক
বসন্তকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার দেয়াল সাজতে শুরু করেছে নতুন সাজে। ছবি: লেখক

সময়ের আবর্তে দিনের পর দিন মাসের পর মাস পেরিয়ে বছরের শেষে আসে ঋতুরাজ বসন্ত। প্রকৃতি তাকে ফুলে ফুলে সাজিয়ে তোলে। পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রাণচাঞ্চল্য দেখা দেয় প্রকৃতিতে। ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বসন্তকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের সম্মুখভাগের দেয়াল সাজতে শুরু করেছে নতুন সাজে।

দেয়ালটির গায়ে ছোঁয়া লাগছে হরেক রকমের রংতুলির। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। একেকটা ক্যানভাস একেকটা ইতিহাসের সাক্ষী, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে ৪৩-র ভয়াবহ সেই দুর্ভিক্ষের কথা। আরও মনে করিয়ে দিচ্ছে ৫২-র ভাষা আন্দোলন, ৭১-র মহান মুক্তিযুদ্ধকে।

এসব চিত্রকর্মে মিশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একঝাঁক চারুশিল্পীর হাতের ছোঁয়া। লম্বা দেয়ালটিতে রয়েছে ৬০টিরও অধিক ছোট ছোট ভাগ। প্রতিটি ভাগে আলাদা সব ক্যানভাস। প্রতিটি ক্যানভাস তৈরির জন্য চারুশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ শিরিষ কাগজ দিয়ে ঘষে দেয়ালকে মসৃণ করে নিচ্ছেন। কেউ চক বা পেনসিল দিয়ে নির্ধারিত চিত্রকর্মের খসড়া তৈরি করছেন। কেউ আবার প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন। সেই রং দিয়ে সাদা দেয়াল রাঙিয়ে তুলছেন চারুশিল্পীরা। কোনো ক্যানভাসে জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের আঁকা ছবি, আবার কোনো ক্যানভাসে পটুয়া কামরুল হাসানের ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’র মতো চিত্রকর্ম ফুটিয়ে তোলা হচ্ছে।

দেয়ালের পাশে বসে প্রথমবারের মতো লেওনার্দো দা ভিঞ্চির ভিট্রুভিয়ান ম্যানের দেয়ালচিত্র করছিলেন অনুষদের ছাপচিত্র ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তীর্থ কান্তি প্রামাণিক। জানতে চাইলাম এত চিত্রকর্ম থাকতে ভিট্রুভিয়ান ম্যান কেন? একটু হেসে জানালেন, বিদেশি চারুশিল্পীদের মধ্যে ভিঞ্চি তাঁর সবচেয়ে প্রিয়। এই চিত্রটি দিয়ে চারুকলার শিক্ষার্থীরা মানুষের দেহের অবয়ব আঁকতে শেখেন, আর প্রথম কাজ স্মরণীয় করে রাখতে তাঁর এই বিখ্যাত চিত্রকর্ম বেছে নিয়েছেন তিনি।

বসন্তে রাবি চারুকলার দেয়ালে ছোঁয়া লাগছে হরেক রকমের রংতুলির। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। ছবি: লেখক
বসন্তে রাবি চারুকলার দেয়ালে ছোঁয়া লাগছে হরেক রকমের রংতুলির। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। ছবি: লেখক

পাশেই দাঁড়িয়ে ছিলেন রাহুল দেবনাথ। তিনি অনুষদের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী। ছোটদের সবাইকে ভালোভাবে কাজ করার পরামর্শ দিচ্ছিলেন তিনি। তাঁর কাছে গিয়ে বসন্তবরণকে ঘিরে চারুকলা অনুষদ এবার কী কী করবে, জানতে চাইলাম। বললেন, ‘আমরা কয়েক বছর ধরে বসন্তবরণ ও পিঠা উৎসব পালন করে আসছি। প্রতিবছর এক দিন এ উৎসব পালিত হলেও এবার সেটা আমরা দুই দিনব্যাপী করব। পাশাপাশি আমরা এবার বসন্তেও যাত্রাপালা করব। আমাদের আগেই পরিকল্পনা ছিল চারুকলার সামনের দেয়ালজুড়ে দেয়ালচিত্র করব। আর সেটার জন্য বসন্তের আগের সময়কে ঠিক করেছি, কারণ এসব কাজ আমাদের মাঝে উৎসবের আমেজটাকে আরও বৃদ্ধি করবে।’

চারুকলা মঞ্চের দিকে ঘুরতে গিয়ে দেখা গেল যাত্রাপালার অনুশীলন চলছে। সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিন। তিনি জানালেন, এবারে চারুকলায় মঞ্চস্থ হবে ঐতিহাসিক যাত্রাপালা ‘আনারকলি’। যাত্রাপালায় সম্রাট আকবরের ছেলে সেলিম যখন যুবক, তখন তাঁদের রাজ্যে জহুরত নামের এক বাইজি আসেন। ঘটনাক্রমে তাঁর নাম হয় আনারকলি। তাঁর রূপ-লাবণ্য দেখে সেলিম তাঁর প্রেমে পড়ে যান।

*লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়