রাবেদাদের চোখে কেন জল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি হার্ডওয়্যারের দোকানে চাকরি করেন আবদুল গফুর (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে তিনি বাসায় ফেরেন। রাত ১০টার দিকে বৃদ্ধ মা রাবেদা বেগম ছেলে গফুরকে খাইয়ে ঘুমাতে যান। রাত ১২টার দিকে বাসা থেকে গফুরকে গ্রেপ্তার করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর বৃদ্ধ রাবেদার (৭০) ঘুম হারাম।

আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার সামনে কাঁদছিলেন রাবেদা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে রাজনীতি করে না। মহল্লার সবাই বলবে গফুর ভালো ছেলে। পেটের ধান্দা করে খায়। মানুষের দোকানে চাকরি করে খায়।’

গফুরসহ অন্যদের কেন সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল।

গফুরসহ আরও ১২ জনকে বুধবার বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ড। মামলার কেস ডকেট না থাকায় ১৪ ফেব্রুয়ারি তাঁদের রিমান্ড শুনানির দিন ঠিক করেছেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ বিন আমিন চৌধুরী।

গফুরের মা রাবেদা বেগমের পাশে দাঁড়িয়ে ছিলেন শিশু আবু জর। তার বাবা আবদুস শাকুরকে আজ বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচর থানা-পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। যখন আবু জর বাসায় ঘুমিয়ে ছিল। আবু জরের চাচা মো. হারুনের দাবি, শাকুর গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি জড়িত নন। পুলিশ বিনা কারণে তাঁর ভাইকে গ্রেপ্তার করে আনে। আর আবু জর বলল, তারা গরিব মানুষ। গ্রেপ্তার করার পর তাঁর আরও দুই ছোট ভাই বাবার জন্য খুব কান্নাকাটি করছে।

ইমন হোসেন পানের দোকানদার। তার তিন ছেলে। গত শনিবার মালিবাগ থেকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আজ ঢাকার আদালতে পাঠায় পুলিশ। এক নজর দেখার জন্য তার স্ত্রী আকলিমা বেগম আসেন আদালতে। কিন্তু স্বামীর সঙ্গে দেখা আর হয়নি। ইমনের বোন হনুফা বেগমের দাবি, তার ভাই কোনো রাজনীতি করে না। মালিবাগে পান বিক্রি করে সংসার চালান। তার তিন ছেলে। গ্রেপ্তার হওয়ার পর এখন কে তাদের সংসার চালাবে। সংসার খরচ প্রসঙ্গ আসার পর ইমনের স্ত্রী আকলিমা কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, কেন তার নিরীহ স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ? এখন সংসার চালাবে কে? ছাড়ানোর জন্য কোথায় পাব টাকা?

গফুর, আবদুস শাকুর ও ইমন হোসেনের মতো গ্রেপ্তার হওয়া অন্তত ১০ জনের স্বজনের সঙ্গে আদালত চত্বরে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁদের দাবি, রাজনীতি না করলেও রাজনৈতিক মামলায় পুলিশ তাঁদের সন্দেহের বশে গ্রেপ্তার করেছে।

ঢাকার আদালত সূত্র নিশ্চিত করেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে বিভিন্ন মামলায় পুলিশ ১২১ জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠায়। এর মধ্যে ২০ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আগের দিন মঙ্গলবার ১২৫ জনকে আদালতে নিয়েছিল পুলিশ।