রাবেয়া ভূঁইয়াসহ পাঁচ জয়িতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া
ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া

দেশের প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়াকে জয়িতা হিসেবে সম্মাননা দিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাবেয়া ভূঁইয়াসহ পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রাবেয়া ভূঁইয়া ছাড়াও ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু’ করায় আলমদী গ্রামের সোলেমা সায়মা, সফল জননী হিসেবে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের জাহেদা আবেদীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চরকামালদী গ্রামের সুফিয়া আক্তার ও সমাজ উন্নয়নে অবদানের জন্য উপজেলা মহিলা সংস্থার সভানেত্রী ও সোনারগাঁ নারী ফোরামের উপদেষ্টা ডালিয়া লিয়াকত জয়িতা নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে রাবেয়া ভূঁইয়া বলেন, ‘জয়িতা হিসেবে সম্মাননা পেয়ে আমি আনন্দিত, গর্বিত।’
সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন বলেন, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়ার মতো একজন নারীকে ‘জয়িতা’ নির্বাচিত করায় উপজেলার শিক্ষক, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিসহ সুধীজনেরা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান বলেন, এ বছর উপজেলা প্রশাসন দেশের প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়াকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ‘জয়িতা’ নির্বাচিত করেছে। তিনি ১৯৭৩ সালে বার অ্যাট ল পাস করে আইন পেশায় যোগ দেন। ১৯৮৫ সালে তিনি সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী হন। একই সঙ্গে তিনি বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করছেন। সোনারগাঁয়ে তাঁর নামে ‘ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া মডেল স্কুল’ প্রতিষ্ঠা করেছেন। তিনিই প্রথম মহিলা অধিদপ্তরে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন, কিশোর অপরাধীদের সংশোধনকেন্দ্র সংস্কার ও ঢাকার মিরপুরে এতিম শিশুদের জন্য আলাদা কেন্দ্র স্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ‘রাবেয়া ভূঁইয়াকে আরও আগেই আমাদের সম্মাননা জানানো উচিত ছিল। শিক্ষা ও সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখা এই নারীকে জয়িতা নির্বাচিত করে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।’
গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।