প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন বন্ধুসভার সদস্যরা। গতকাল সিরাজগঞ্জ, শরীয়তপুর, কুড়িগ্রাম ও দিনাজপুরে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন তাঁরা। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের সদর উপজেলার পুঠিয়াবাড়ী এলাকার পানি উন্নয়ন বোর্ডের ক্রসবার-৩ বাঁধে আশ্রিত বন্যার্তদের মধ্যে ১০০ শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।
শাড়ি পেয়ে বিধবা রাবেয়া বলেন, ‘গত বছর স্বামী মইরা গেছে। দুই ব্যাটা ছিল, তারা পৃথক হয়া চইলা গেছে। আমি এহন একা থাকি। চোখে দেখি না। এক কাপড়ে থাকি। এই অসময়ে তোমরা বাবা একটা শাড়ি দিলা। জীবনে অনেক সহায়তা পাইছি, কিন্তু বন্যার সময় কেউ শাড়ি দেয় নাই।’
গতকাল মঙ্গলবার বিকেলে শাড়ি বিতরণ অনুষ্ঠানে নজরুল একাডেমির সভাপতি মো. হেলাল আহমেদ, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব আলী, সিরাজগঞ্জের ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার সাহা, সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর
জাজিরা উপজেলার সফি কাজীর মোড় এলাকায় ৯০টি পরিবারের কাছে গতকাল ত্রাণের ব্যাগ তুলে দেন বন্ধুসভার সদস্যরা। এ সময় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষকেরা প্রতিটি পরিবারকে ৫০০ টাকা দেন।
প্রতিটি পরিবারের জন্য চাল, ডালসহ ১০ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অলিউর রহমান, শিক্ষক এস এম মনির হোসেন, এমরান সরদার, বন্ধুসভার সভাপতি বিজয় কৃষ্ণ পাল প্রমুখ।
বন্ধুসভার সদস্যরা বন্যাদুর্গত এলাকা ঘুরে এখনো কোনো ত্রাণ পায়নি এমন ৯০টি পরিবারের তালিকা প্রস্তুত করে। ওই তালিকা অনুযায়ী জাজিরার বিলাসপুর ও কুণ্ডেরচর ইউনিয়নের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
জাজিরার বিলাশপুর ইউনিয়নের মল্লিককান্দি গ্রামের নুরু রহমান শিকদার (৭০) ত্রাণ পেয়ে বলেন, ‘ঘরে কোনো খাবার নেই। কয়েক দিন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছি। এই ত্রাণ পেয়ে কয়েক দিন খাইতে পারমু।’

কুড়িগ্রাম
গতকাল ত্রাণ-সহায়তা দেওয়া হয় ধরলা নদীর তীরবর্তী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহন ও নানকার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের।
ত্রাণ পেয়ে জগমোহন চরের বৃদ্ধ জছির বলেন, ‘চোখের নিমেষে হামার সউগ ভাসে নিয়া গেইছে। হাত-পাও ছাড়া কিছুই নাই। বাঁধত ঘড় করি আছি। তোমার ত্রাণ পায়া খুব উপকার হইল।’ শতাধিক মানুষ প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিয়ে ঘরে ফেরে। প্রতিটি পরিবারের জন্য ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, পেঁয়াজ ১ কেজি, এক পোয়া মরিচ।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার খোকন, জসিম, আসিফ, রিয়াদ, সুলতানা, ঢাকা মহানগর বন্ধুসভার সৈকত বরণ শীল ও ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আসিক আলী।
দিনাজপুর
সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আটোর গ্রামে গতকাল আরও ১০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।
দিনাজপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সারওয়ার বলেন, এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল ও এক কেজি মসুর ডাল দেওয়া হয়েছে।
ত্রাণ পেয়ে ৮০ বছরের ছমিরন বেওয়া বলেন, ‘এবার তেবেলা কয় দিন প্যাড ভরি খাবার আর কুন চিন্তা থাকিল না বায়।’
বন্যা ত্রাণ তহবিল
গতকাল যাঁরা সহায়তা করেছেন
প্রথম আলোর সব শাখার কর্মীদের এক দিনের বেতন ৪ লাখ, নাম প্রকাশে অনিচ্ছুক ১ লাখ, আয়েশা আক্তার মনি ও আসিফ উদ্দিন জামি ৫০ হাজার, তারিন আখতার ১৭ হাজার এবং সরাসরি ব্যাংকে জমা ২৫ হাজার টাকা।
* গতকাল মোট জমা ৫,৯২,০০০ টাকা
এ পর্যন্ত মোট জমা ২৬,২১,০০০ টাকা
* ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট বিতরণ ২১,৫০,৭৯৮ টাকার ত্রাণ
তহবিলে অর্থ সহায়তার জন্য
প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড
কারওয়ান বাজার শাখা