রাব্বানী হত্যা মামলার এক আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার সাক্ষী কমোডর (অব.) গোলাম রাব্বানী হত্যা মামলার এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ওই আসামির নাম সাইফুল ইসলাম ওরফে বিলাই সাইফুল।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামি সাইফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিহত গোলাম রাব্বানী কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি বঙ্গবন্ধুর এডিসিও ছিলেন।

২০০৪ সালের ১১ এপ্রিল ইপিজেডের সাইট পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের মুরাদপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন গোলাম রাব্বানী। পরে ১৩ দিন ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় করা মামলায় ২০০৫ সালের ৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে আসামি মো. সেলিম, মো. হাশেম ও মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ ছাড়া রায়ে আসামি সাবেক মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী ও সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি সাইফুল ইসলাম ওরফে বিলাই সাইফুল ও মনসুর আলমকে খালাস দেওয়া হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর চলতি বছরের ৫ অক্টোবর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। একই সঙ্গে চার আসামি আবু নাসের চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মো. সেলিম ও সাইফুল ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান আজ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত অন্য আসামিদের সাজা বহাল রাখলেও খালাস পাওয়া সাইফুল ইসলামের বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন বিচারিক আদালতকে। এ জন্য মামলাটির বিচারিক কার্যক্রম আবার শুরু হয়েছে। চার আসামির উপস্থিতির দিন ধার্য থাকলেও তিন আসামি উপস্থিত হননি। আসামি সাইফুল ইসলাম আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।