রাব্বানীকে হত্যাই ছিল উদ্দেশ্য?

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিরোধী পক্ষ তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের এই প্রার্থী এমন অভিযোগ করেন। জবাবে বিএনপি বলছে, অবরোধ চলাকালে রাব্বানীর লোকজনের হাতে ছাত্রদলের এক কর্মীর মৃত্যুর পর স্থানীয় জনতা ওই বাড়িতে হামলা চালায়।
গত সোমবার রাব্বানীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘এবার আমি আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় বিএনপি-জামায়াত জেনে গেল, এখান থেকে তাদের প্রার্থীর পরাজয় নিশ্চিত। তাই তাদের যত আক্রোশ আমার ওপর। এ আক্রোশ থেকেই আমাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।’
রাব্বানী আরও বলেন, ‘আমার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথেই হামলার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এ হামলা এড়াতে আমি গোপনে মনোনয়নপত্র জমা দিই। এটা জানতে পেরেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা লাঠিসোঁটা, ককটেল, পেট্রলবোমা নিয়ে আমার বাড়িতে গতকাল (সোমবার) দুপুরে হামলা চালায়। দোতলা বাড়ির নিচতলার জানালাগুলো ভেঙে তারা আগুন ধরিয়ে দেয়। আমরা দুই ভাই পরিবার-পরিজন নিয়ে আত্মরক্ষায় ছাদে উঠি। তখন সন্ত্রাসীরা ছাদ লক্ষ্য করে বৃষ্টির মতো ককটেল ছুড়তে থাকে। নারী-শিশুসহ প্রাণ বাঁচাতে আমরা নিচে নেমে দোতলার একটি ঘরে আশ্রয় নিই। এ সময় আমি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কাছে মুঠোফোনে বারবার আমাদের রক্ষার অনুরোধ জানাই। কিন্তু প্রায় তিন ঘণ্টা তাণ্ডব চালিয়ে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আসেন।’

প্রথম আলোর কাছে হামলার এই বর্ণনা দিতে গিয়ে চোখ ভিজে ওঠে গোলাম রাব্বানীর। এ সময় তিনি বলেন, ‘তবে যা-ই ঘটুক, আমি নির্বাচন থেকে সরব না। ভবিষ্যতে জনগণই এই বর্বরতার দাঁতভাঙা জবাব দেবে।’
রাব্বানীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির পেছনে রাখা একটি মোটরসাইকেলসহ সব আসবাব ভসঞ্চীভূত। রাব্বানী দাবি করেন, সব মিলিয়ে এক থেকে দেড় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। তিনি এ ঘটনায় শিগগিরই মামলা করবেন।
এদিকে জেলা বিএনপির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ শাজাহান মিয়া বলেন, ‘সোমবার অবরোধ চলাকালে ছাত্রদলের কর্মী রুবেল আহমেদ গোলাম রাব্বানীর লোকজনের হামলায় নিহত হন। রাব্বানীর পুকুরিয়া গ্রামেরই ছেলে রুবেল। এতে নিজ গ্রামের বাসিন্দারাই খেপে রাব্বানীর পরিবারের ওপর হামলা চালায়। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’
সহকারী পুলিশ সুপার মতিউর রহমান জানান, সন্ত্রাসীরা হামলার আগে রাব্বানীর বাড়িতে আসার পথে বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি করে। তারা রাস্তায় গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখে। এগুলোতে আলকাতরা মাখিয়ে পিচ্ছিল করে রাখে তারা। তা ছাড়া হামলার আগে রাব্বানীর বিরুদ্ধে করা মিছিলে নিহত রুবেলের লাশ নিয়ে আসা হলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। তা সামাল দিয়ে পুলিশের পক্ষে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি।