রাব্বি ও তার পরিবার নিরাপদে
কিশোরগঞ্জের ভৈরবের পাঁচ মাস বয়সী শিশু রাব্বি ও তার পরিবার এখনো পুলিশি নিরাপত্তায় আছে। রাব্বির বাবা মাদকাসক্ত মনির হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে একটি প্রতিষ্ঠান। পরিবারটিকে সহায়তা করতে চেয়েছেন অনেকে। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে।৫ মে, শনিবার প্রথম আলোতে ‘এই মায়ের কোল খালি হবে আজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ভৈরব পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়ার মনির হোসেন নেশার খরচ জোগাতে ছোট ছেলে রাব্বিকে দুই হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন। এ জন্য তিনি ৫০০ টাকা অগ্রিম নেন। গত শনিবার বাকি টাকা নিয়ে রাব্বিকে মায়ের কোলছাড়া করার কথা ছিল। কিন্তু মা সাবিনা আক্তার নাড়িছেঁড়া ধনকে কোলছাড়া করতে চাচ্ছিলেন না।খবরটি প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য পাঠক রাব্বির সর্বশেষ অবস্থা জানতে চান। তাঁদের অনেকে পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। প্রথম আলোর পাঠকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাব্বির মায়ের নামে একটি ব্যাংক হিসাব নম্বর খুলে দেওয়া হয়েছে (সাবিনা আক্তার, সঞ্চয়ী হিসাব নং-১৭৩-১০১-১২৬১৭২, ডাচ্-বাংলা ব্যাংক, ভৈরব শাখা, কিশোরগঞ্জ)।গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সাবিনা চন্ডিবের দক্ষিণপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে পুলিশের এক সদস্যকে পরিবারটির নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা গেছে। সাবিনা বলেন, ‘স্বামী এহন আর বেশি খারাপ ব্যবহার করে না। বাচ্চাগুলানরে নিয়া বাজে চিন্তা করে না।’