রাব্বির ঈদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় রাব্বি। ছবি: আসাদুজ্জামান
কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় রাব্বি। ছবি: আসাদুজ্জামান

রাব্বির রাত কেটেছে কমলাপুর রেলস্টেশনে। ব্যাগকে বালিশ বানিয়ে সারা রাত শুয়ে ছিল সে। ঘুম থেকে উঠে ঝালমুড়ি খেয়ে কেটেছে তার সকাল-দুপুর।

রাব্বি জানত রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে রাত নয়টায়। তাই সে গতকাল শনিবার রাত আটটায় দুটি ব্যাগ নিয়ে চলে আসে কমলাপুর স্টেশনে। অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য। ঘোরাঘুরির একপর্যায়ে জানতে পারে, তার ট্রেন চলে গেছে সেই দুপুরবেলায়। অনেকে তাকে পরামর্শ দেয় লালমনিরহাট এক্সপ্রেসে যাওয়ার জন্য। রাত ১০টার দিকে লালমনিরহাটগামী লালমণি এক্সপ্রেসে ওঠার জন্য সব চেষ্টাই সে করে। কিন্তু হাতে দুটি ব্যাগ থাকায় ভিড় ঠেলে আর ট্রেনে উঠতে পারেনি।

সতেরো বছর বয়সী রাব্বি বলছিল, ‘শুক্রবার যখন ট্রেনের টিকিট কাটি, তখন বলেছিল রাত নয়টায় আমার ট্রেন আসবে। আমি আগেই চলে আসি। যখন শুনি ট্রেন চলে গেছে, তখন আমি লালমণি এক্সপ্রেসে ওঠার চেষ্টা করি। এত মানুষ ছিল যে ট্রেনে আর উঠতে পারিনি। ছাদেও উঠতে পারিনি। দুটি ব্যাগ নিয়ে সারা রাত স্টেশনে ঘুমিয়েছি।’

রাব্বির বয়স যখন ১২ বছর, তখন বাবা-মাকে ছেড়ে সে রংপুর থেকে ঢাকায় চলে আসে। হোটেলে কাজ শুরু করে। এরপর তিন বছর আগে থেকে রাজধানীর আগারগাঁওয়ে ফটোকপির দোকানে কাজ শুরু করে। এখনো করছে। বেতন পায় তিন হাজার টাকা। ঈদে মায়ের জন্য লাল রঙের শাড়ি আর বাবার সাদা পাঞ্জাবি কিনেছে রাব্বি। আর ছোট বোনের হলুদ রঙের ফ্রক আর ছোট ভাইয়ের জন্য প্যান্ট-শার্ট কেনে। রাব্বির বাবা রফিকুল ইসলাম, মা সুলতানা থাকেন রংপুরে। রংপুরের কোতোয়ালি থানার লালবাগ এলাকায় তার বাড়ি। ঢাকায় ফকিরাপুলের একটি মেসে থাকে রাব্বি। তার ছোট বোন রাবেয়া ও ছোট ভাই শুকুর আলী। থাকে রংপুরেই। রাব্বি কোনো দিন স্কুলে যায়নি। অভাবের কারণে খালাতো ভাই মনিরের হাত ধরে রংপুর থেকে ঢাকায় চলে আসে। থাকতে শুরু করে মনিরের কাছে।

কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় রাব্বি। ছবি: আসাদুজ্জামান
কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় রাব্বি। ছবি: আসাদুজ্জামান

আজ রোববার সকাল ১০টার দিকে পাঁচ নম্বর প্লাটফরমে ব্যাগ নিয়ে বসেছিল রাব্বি। তাঁর কাছে জানতে চাওয়া হয় কোথায় যাবে সে? রাব্বি বলে, সে যাবে রংপুরে। কখন তার ট্রেন আসবে তা বলতে পারেনি। যখন এ প্রতিবেদক তাকে বলল, রংপুর এক্সপ্রেস আসবে দুপুর ১২টায়। তখন সে পকেট থেকে রংপুর এক্সপ্রেসের টেনের টিকিট দেখাল। তাতে দেখা গেল, টিকিট নেওয়া হয় গত শুক্রবারে। ওই টিকিটে গতকাল শনিবার যাত্রা করার কথা। রাব্বিকে রংপুর এক্সপ্রেসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের কাছে নিয়ে যাওয়া হয়। রংপুর এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন যাত্রী রবিউল। রাব্বির ঘটনা জানানোর পর রবিউল বলেন, রংপুর এক্সপ্রেসের ট্রেনে রাব্বিকে নিয়ে তিনি উঠবেন।

রাব্বি বলছিল, যখন সে জানতে পারে তার ট্রেন চলে গেছে, তখন তার মন খারাপ হয়ে যায়। এরপর লালমণি এক্সপ্রেসেও যখন উঠতে ব্যর্থ হয়, তখন একা একা সে কেঁদেছে। কী করবে কোথায় যাবে তা নিয়েও দুশ্চিন্তায় পড়ে। একপর্যায়ে স্টেশনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাব্বি। তবে সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। কারণ, ব্যাগ নিয়েই তার ভয় ছিল। ঘুমিয়ে পড়ার পর যদি ব্যাগ চোরেরা নিয়ে যায়, তাহলে মায়ের জন্য কেনা শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি দিতে পারবে না। রাব্বির ভাষায়, ‘বহু কষ্ট করে টাকা জমিয়ে বাবা-মা, ছোট ভাইবোনের জন্য এসব কিনেছি।’

গত শুক্রবার থেকে রংপুর এক্সপ্রেস বিলম্বে ঢাকা ছেড়েছে। গতকালও সকাল নয়টার ট্রেন ছাড়ে বেলা দুইটায়। আজ ট্রেনটি ১২টা ৪৪ মিনিটের দিকে ঢাকায় আসে। দেখা গেল, ট্রেন আসার পর লালমনিরহাটের রবিউল ট্রেনের ছাদে তুলে নেয় রাব্বিকে। সঙ্গে ছিল সেই দুটি ব্যাগ। ট্রেনটি যখন যাত্রা শুরু করে, তখন হাত নাড়িয়ে কমলাপুর স্টেশনকে বিদায় জানিয়ে চলে যায় রাব্বি।