রাব্বির ওপর পুলিশি নির্যাতন আংশিক প্রমাণিত: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা এবং যিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত সেই রাব্বির ওপর অন্যায়ভাবে যে পুলিশি নির্যাতন হয়েছে সেটা ইতিমধ্যেই আংশিক প্রমাণিত হয়েছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাড়িতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন,‘আমরা চাই এই সরকারের অধীনে জনগণ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। একজন বা দুজন পুলিশের অপকর্মের দায়ভার গোটা পুলিশ বাহিনীর ওপর বর্তাতে পারে না।’
জনগণের প্রতি আস্থা না থাকায় বিএনপি এখন বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে মন্তব্য করে হানিফ বলেন, বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। এ দেশে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি না চায় তাহলে বিএনপিকে কোনো বিদেশি প্রভু রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবে না।
প্রধান বিচারপতিদের রায় নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, যখন কারও বক্তব্য তাদের পক্ষে যায় তখন সেটাই সঠিক, আইনসংগত। যখন বিপক্ষে যায় তখন আইনসংগত নয়।
হানিফ আরও বলেন, এর আগে তো এই দেশের উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখলকে অবৈধ রায় দিয়েছিলেন। একজন বিচারপতির রায় যদি তাদের মনে হয় যৌক্তিক তাহলে আরেকজন বিচারপতির রায়ও তাদের যৌক্তিক মানতে হবে।
এ সময় হানিফের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।