রাব্বিসহ দুজনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে ঋণখেলাপির কারণে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির এবং আবেদনপত্রে ত্রুটি থাকায় বিএনএফ প্রার্থী হামিদুর রহমান খান ভাসানীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গতকাল রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। এ সময় সেখানে প্রার্থী, তাঁদের আইনজীবী এবং বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা আগামী তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
উপনির্বাচনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জমা দেওয়া বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাঁদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাঁরা হলেন এস এম আকরাম (স্বতন্ত্র), জাতীয় পার্টির সেলিম ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (স্বতন্ত্র), কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও ইকবাল সিদ্দিকী এবং স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজ।
মনোনয়নপত্র বাতিলের পর রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এটা করা হয়েছে। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন৷ তিনি বলেন, ঋণখেলাপির বিষয়টি তাঁর ওপর বর্তায় না। কেননা, এটা কোম্পানির নামে নেওয়া, ব্যক্তির নামে নয়। তাঁর অভিযোগ, প্রভাব খাটিয়ে এটা বাতিল করা হয়েছে।
অবশ্য রিটার্নিং কর্মকর্তা বলেছেন, রাব্বিকে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক ঋণখেলাপি বলে চিহ্নিত করেছে। তা ছাড়া, তিনি ১ শতাংশ ভোটারের যে সমর্থনের কথা বলেছেন, সেখান থেকে ১০ জনের মধ্যে দুজন সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী হলে মোট ভোটারের ১ শতাংশের সমর্থনসংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সেখান থেকে কয়েকজনের সঙ্গে কথা বলে কমিশন এর সত্যতা নিশ্চিত করে। হামিদুর রহমানের মনোনয়নপত্রে কিছু ভুল ধরা পড়ায় সেটি বাতিল করা হয়।