
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী যদি পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে আদালতে বা থানায় মামলা করতে চান, তাহলে তা গ্রহণ করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে মামলা করবেন কি না, তা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ঠিক করবেন রাব্বী।
রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে আদালত বলেন, নির্যাতনের ঘটনায় থানা বা আদালতে মামলা করার স্বাধীনতা গোলাম রাব্বীর রয়েছে। যদি তিনি মামলা করতে চান, তবে মোহাম্মদপুর থানা বা মুখ্য মহানগর হাকিমকে তা গ্রহণ করতে হবে।
আদালতের এই আদেশের পর গতকাল রাতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় গোলাম রাব্বীর সঙ্গে। তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন,‘আমার শরীরের অবস্থা যেমন তেমন, মানসিক অবস্থা খুব বেশি খারাপ। আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করি। মামলা করব, কি করব না তা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেব।’ গোলাম রাব্বী এখনো অফিসে যাওয়া শুরু করেননি। তবে শিগগির যাবেন বলে জানান।
এদিকে গতকাল সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী ও এক সাংবাদিকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১৮ জানুয়ারি হাইকোর্ট আদেশে বলেন, ১১ জানুয়ারি রাব্বী পুলিশের কাছে যে লিখিত অভিযোগ করেছিলেন, সেটি মামলা হিসেবে মোহাম্মদপুর থানাকে গ্রহণ করতে হবে। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন। গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ বলেছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি (ভিকটিম) শিক্ষিত ও মামলা করতে সক্ষম। তাই তাঁর পক্ষ হয়ে জনস্বার্থে দুজন আইনজীবী ও একজন সাংবাদিকের রিট আবেদন করা এবং হাইকোর্টের নির্দেশ দেওয়া সঠিক হয়নি। একই সঙ্গে আদালত বলেছেন, সংক্ষুব্ধ ব্যক্তি যদি চান, তবে তিনি থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মামলা করতে পারবেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাব্বীকে নির্যাতনের ঘটনায় ১৬ জানুয়ারি পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। এরপর কয়েকজন আইনজীবী মিলে রিট আবেদন করা এবং হাইকোর্ট থেকে এ রকম আদেশ প্রার্থনা করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এটি করা হয়।
৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাঁকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন। ওই ঘটনার পর ১১ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন রাব্বী। ১৬ জানুয়ারি এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়।