রাব্বীকে আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে আইনি সহায়তা দিতে চেয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ শনিবার বিকেলে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাব্বীকে দেখতে গিয়ে এ কথা জানিয়েছেন।

হাসপাতালের কেবিনে মাহবুব উদ্দিন খোকন রাব্বীর সঙ্গে কথা বলেন। পরে তিনি গণমাধ্যমের কর্মীদের বলেন, ‘রাব্বীর ঘটনায় পুলিশ দিয়ে তদন্ত করানোর বিষয়টি যথেষ্ট নয়। বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন। সমিতির পক্ষ থেকে তাঁকে আইনি সহায়তা দেওয়া হবে।’
৯ জানুয়ারি শনিবার রাত ১১টার দিকে ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের এই কর্মকর্তা মোহাম্মদপুরে তাঁর খালার বাসা থেকে কল্যাণপুরে নিজের বাসায় যাচ্ছিলেন। পথে হঠাৎ পেছন থেকে পুলিশের এক সদস্য তাঁর শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে তাঁকে ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের কাছে নিয়ে যান পুলিশের ওই সদস্য। এসআই মাসুদও তাঁকে বলেন, তাঁর (রাব্বী) কাছে ইয়াবা আছে। তিনি আবারও অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশের সদস্যরা তাঁকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাঁকে জোর করে পুলিশের গাড়িতে তোলা হয়।
অবশেষে আজ মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড থেকে রাব্বীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তারপরও রাব্বী এবং তাঁর সঙ্গে থাকা অন্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। রাব্বীর পক্ষে তাঁর বন্ধুরা আজ হাসপাতালের পরিচালক বরাবর লেখা এক আবেদনে রাব্বীর কেবিনে নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছেন।
রাব্বীর বন্ধু ওসমান গণি প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত কোনো নিরাপত্তা প্রহরীর নিয়োগ দেওয়া হয়নি।
রাব্বীর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে ওসমান গণি জানান, রাব্বীর কাউন্সেলিং চলছে। চিকিৎসকেরা বলেছেন, রাব্বীর পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

আরও পড়ুন: