রাব্বীকে নির্যাতন: এসআই মাসুদের শাস্তি দাবি
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর বর্তমান ও সাবেক সহকর্মী, বন্ধু, সহপাঠী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গোলাম রাব্বীর শুভাকাঙ্ক্ষীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সাবেক সহকর্মী জাহিদ হাসান বলেন, ‘এসআই মাসুদ পুলিশের পোশাক পরিহিত একজন সন্ত্রাসী। গোলাম রাব্বীকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। সে আইনেই তাঁর বিচার করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরাম হোসাইন বলেন, ‘গণমাধ্যমকে আইজিপি জানিয়েছেন যে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের কোনো তদন্তের কথা শোনা যায়নি। আমরা চাই এসআই মাসুদকে অবিলম্বে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হোক।’
শিক্ষার্থী শাকের আহমেদ বলেন, ‘গোলাম রাব্বীর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। আবদুল কাদেরের পায়ে গুলি করে তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। গত বছরও একজন প্রতিবেদক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, এটাই কি আমাদের অপরাধ।’
এসআই মাসুদের বিরুদ্ধে গত শনিবার রাতে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগ করেছেন গোলাম রাব্বী। প্রায়ে সাড়ে তিন ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার ওই ব্যাংক কর্মকর্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর মাসুদ শিকদারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।