রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিশনে সার্বক্ষণিক পাহারা দিচ্ছে পুলিশ। গতকাল শুক্রবার রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখা যায়, মিশনের মূল ফটকের বাইরে ও ভেতরে পুলিশ পাহারা এবং তল্লাশি বাড়ানো হয়েছে। মিশনে প্রার্থনা করতে আসা লোকজনের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।
এ ঘটনায় বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নয়াদিল্লি সরকার। দিল্লির রামকৃষ্ণ মিশন বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হুমকিতে গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত।
রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক স্বামী গুরুসেবানন্দ প্রথম আলোকে বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরপরই পুলিশ পাহারা বসানো হয়েছে। তিনজন পুলিশ ফটকে রয়েছে। আর সাতজন বাইরে টহল দিচ্ছে। ২৪ ঘণ্টাই পর্যায়ক্রমে তারা রয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জিডি করার পর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেখা হয়েছে। যিনি চিঠি বিলি করতে এসেছিলেন, সন্দেহভাজন হিসেবে তাঁর ছবি সংগ্রহ করা হয়েছে। কিন্তু তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কোন ডাক মারফত চিঠিটি এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, নিয়মিত পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় ধর্ম প্রচার করলে হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মিশনে একটি চিঠি আসে। ওই চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’। প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। না হলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।’
নয়াদিল্লি প্রতিনিধি জানান, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ পুলিশ ও সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক বিবৃতিতে গতকাল এ কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হত্যার হুমকির খবর পাওয়ার পরেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই তরফেই নিরাপত্তা নিশ্ছিদ্র করার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।
দিল্লির রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে গতকাল প্রধানমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করা হয়। মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এই হুমকিতে গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত।
ঠিক ১০০ বছর আগে ১৯১৬ সালে ঢাকায় রামকৃষ্ণ মিশনের কার্যক্রম শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১১ সালে ঢাকা সফরের সময় রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন।