রামকৃষ্ণ মিশনের শতবর্ষপূর্তি, আট দিনের উৎসব আজ শুরু
রামকৃষ্ণ মিশন ঢাকার ১০০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী উৎসব আজ রোববার শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার রামকৃষ্ণ মিশনের ১০০ বছর পূর্ণ হয়। মঙ্গলারতি, প্রভাতি প্রার্থনা, ঊষা কীর্তন, মন্দির পরিক্রমা এবং শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও হোমের মধ্য দিয়ে শুরু হবে আজকের মূল অনুষ্ঠান।
১৯১৬ সালের মার্চ মাসে ঢাকা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের শাখা হিসেবে অনুমোদন লাভ করে এবং বেলুড় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্থানীয় কার্যনির্বাহক সমিতিকে নিয়োগপত্র দেয়। বেলুড় মঠের তৎকালীন প্রেসিডেন্ট শ্রীরামকৃষ্ণ-শিষ্য স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী প্রেমানন্দ ১৯১৬ সালের ১৩ ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে ১৯১৪ সালে স্বামী প্রেমানন্দ ঢাকায় আসেন। তাঁর অনুপ্রেরণায় জমিদার যোগেশ দাস রামকৃষ্ণ মিশনের একটি স্থায়ী ভিত্তি দেওয়ার লক্ষ্যে তাঁর সাত বিঘা জমি দান করেন। একই বছরে আরও কিছু জমি কেনা হয়, যেখানে মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভবন, সাধু নিবাস, চিকিৎসার জন্য হাসপাতাল নির্মিত হয়।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ বলেন, আজ রোববার উদ্বোধনী অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি শ্রীমৎ স্বামী সুহিতানন্দ মহারাজ, ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দ মহারাজ, ব্যবস্থাপক স্বামী গিরিশানন্দ মহারাজ, ট্রাস্টি তত্ত্ববিদানন্দসহ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের শেষ দিন ২৬ মার্চ আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন ভ্যাটিকান, শ্রীলঙ্কা ও নেপালের রাষ্ট্রদূত।