রামগঞ্জ ও ফরিদগঞ্জে তিন পুলিশ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সৌন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক দুর্বৃত্তের গুলিতে পুলিশের এক কর্মকর্তা ও কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া রায়পুর ও রামগঞ্জ উপজেলায় সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।
জাল ভোট প্রদান, বিক্ষিপ্ত সংঘর্ষ ও কেন্দ্র দখলের ঘটনার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তিনটি ইউনিয়নের পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়। গতকাল শনিবার তৃতীয় দফার ইউপি নির্বাচনে ভোট চলাকালে এসব ঘটনা ঘটে।
কেন্দ্র দখলের অভিযোগে রায়পুর উপজেলার সোনাপুর ইউপির দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গুলিবিদ্ধ দুজন হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বরিশালের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম সরকার ও লক্ষ্মীপুরের কনস্টেবল শফি উল্যাহ। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এসআই সেলিমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর এসআই সেলিম গণমাধ্যমের কর্মীদের বলেন, তাঁরা সৌন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। দুপুর ১২টার দিকে কিছু বুঝে ওঠার আগেই এক দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় পুলিশ পাঁচটি পাল্টা গুলি ছোড়ে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, গুলির ঘটনায় অস্ত্রধারী ওই দুর্বৃত্তকে আটকে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রামগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে।
এদিকে কেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে সকাল ১০টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একই কারণে বেলা একটার দিকে স্থগিত করা হয় রাখালিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ।
সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী জানান, বহিরাগতরা কেন্দ্রের ভেতরে গিয়ে জোর করে বেশ কিছু ব্যালট পেপারে সিল মারে। উপজেলার সোনাপুর ইউপির ব্র্যাক স্কুল (মুন্সিবাড়ি) কেন্দ্রে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইকতিয়ার উদ্দিনের এজেন্টদের সকালে কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইকতিয়ার বলেন, ‘আমার এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হয়।’ তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ জালাল বলেন, ‘কেন্দ্রটিতে বিএনপির কোনো এজেন্ট আসেননি।’
অন্যদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভোট গ্রহণ শুরুর কিছু সময় পর রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের পূর্ব বিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হন। এ ছাড়া রামগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন।
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মাঝখানে পড়ে পায়ে গুলিবিদ্ধ হন পুলিশের কনস্টেবল হাছান তারেক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কেন্দ্র দখলের অভিযোগে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদুল বাশার এবং পাইকপাড়া ইউনিয়নের নৌকার প্রার্থী শওকত বিএসসি ও তাঁর অনুসারী ১১ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে বাঁশার ও শওকতকে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে পাইকপাড়া ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরদুঃখিয়া উত্তর ইউনিয়নের এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলোনিয়া কুলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরদুঃখিয়া দক্ষিণ ইউনিয়নের চরদুঃখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ স্থগিত করা হয়।