রামগঞ্জে অনুমোদনহীন বই পাঠ্য!
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩৪টি। বিদ্যালয়গুলোর শিক্ষকদের অনেকে প্রকাশকের কাছ থেকে টাকা নিয়ে পাঠ্যসূচিতে অনুমোদনহীন ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই অন্তর্ভুক্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদের নির্দেশে শিক্ষার্থীরা ওই সব বই বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছে।জানা গেছে, সরকার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ইংরেজি ও বাংলা ব্যাকরণসহ সহপাঠ বই সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের জন্য তালিকাভুক্ত করেছে। বিদ্যালয়গুলোয় এসব বই সরকার বিনা মূল্যে শিক্ষার্থীদের সরবরাহ করে। নিয়মানুযায়ী এসব বই ছাড়া অন্য কোনো বই দিয়ে স্কুলে পাঠদান করা যাবে না। অথচ রামগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোয় পুঁথিপত্র প্রকাশনী, পাঞ্জেরী প্রকাশনী ও এডভান্স প্রকাশনীর ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই পাঠ্য তালিকাভুক্ত করে শিক্ষকেরা এসব প্রকাশনীর বই কেনার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন বই ব্যবসায়ী জানান, এসব প্রকাশনীর বই পাঠ্য তালিকাভুক্ত করার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। অভিভাবক জাহাঙ্গীর আলম, মো. আলী ও তছলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকেরা জাতির বিবেক। অথচ তাঁরা প্রকাশকের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের পকেট ভারী করছেন। পুঁথিপত্র প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক মোল্লা প্রথম আলোকে বলেন, ‘রামগঞ্জে অধিকাংশ বিদ্যালয়ে আমাদের বই পাঠ্য করা হয়েছে।’ টাকা দেওয়ার অভিযোগ সত্য নয় দাবি করে তিনি দাবি করেন, আমাদের বইয়ের মান ভালো। এ জন্য তারা পাঠ্য করেছেন। শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনচন্দ্র কর বলেন, ‘আমরা এখনো কোনো বই তালিকাভুক্ত করি নাই। তবে বিভিন্ন প্রকাশনী থেকে বই দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। বইয়ের মান দেখে সেই বই ছাত্রছাত্রীদের কিনতে বলব।’ এনসিটিবির বইয়ের বাইরে অন্য কোনো প্রকাশনীর বই তালিকাভুক্ত করার নিয়ম রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের স্বার্থেই ভালো মানের বই তালিকাভুক্ত করব।’ পাঠক বন্ধু লাইব্রেরির পরিচালক মো. আজিজ জানান, তাঁরা রামগঞ্জের পুঁথিপত্র বইয়ের এজেন্ট। পুঁথিপত্র কর্তৃপক্ষ রামগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির মাধ্যমে ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই বিদ্যালয়ে তালিকাভুক্ত করে। এ জন্য সমিতিকে কিছু ‘ডোনেশন’ দেওয়া হয়েছে বলে জানান তিনি।রামগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিক উল্যা জানান, সমিতির মাধ্যমে কোনো বই পাঠ্য করা হয়নি। বইগুলো কিনতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।শহরের বইয়ের দোকানগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের বাংলা ব্যাকরণের দাম ৩৪ টাকা, ইংরেজি ব্যাকরণের দাম ৩০ টাকা। অন্যদিকে পুঁথিপত্র প্রকাশনীর সপ্তম শ্রেণীর ব্যাকরণের দাম ১৭৮ টাকা এবং ইংরেজি ব্যাকরণ বইয়ের দাম ২৮০ টাকা। রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘বিদ্যালয়ে বিভিন্ন প্রকাশনীর বই পাঠ্য করা হচ্ছে বলে শুনেছি। আমরা বিদ্যালয়গুলোতে ঝটিকা অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’