রামগঞ্জে অবৈধভাবে বালু তুলছেন আ.লীগের নেতা!
লক্ষ্মীপুরের রামগঞ্জের করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হকের বিরুদ্ধে একটি দীঘি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ফতেহপুর দীঘি থেকে মজিবুল হক চারটি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। ওই বালু উত্তোলনের কারণে দীঘির চারপাশে বসবাসকারী শতাধিক পরিবারের ঘরবাড়ি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান মজিবুল হক দীঘির পাড়ের লোকজনকে ভয় দেখিয়ে বালু উত্তোলন করছেন। বালু সিন্ডিকেট ও মজিবুল হক কয়েক মাস ধরে ওই দীঘি থেকে আড়াই থেকে তিন লাখ ঘনফুট বালু উত্তোলন করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজার দিয়ে বালু তুলে দীঘির দক্ষিণ পাড়ে জমা করা হচ্ছে। মজিবুল হকের লোকজন এই বালু ট্রাক ও ট্রলি ভর্তি করে ভাটিয়ালপুর, পোদ্দার বাজার, করপাড়া, শাহজকি উচ্চবিদ্যালয়, পার্শ্ববর্তী নোয়াখালী ও জেলা সদরের বিভিন্ন জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ওই দীঘির পাশের কয়েকজন বাসিন্দা জানান, এভাবে বালু উত্তোলনের ফলে তাঁদের বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, চারটি ড্রেজার দিয়ে বালু তুলে শাহজকি উচ্চবিদ্যালয়ের মাঠসহ পার্শ্ববর্তী সালেক মিয়ার জমি, সুলতান আহমেদের বাড়ি, আবুল খায়ের, মো. আবদুল্লা ও বেচা মিয়ার জমি ভরাট করা হচ্ছে।অবৈধভাবে বালু তুলে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে মজিবুল হক বলেন, মাছ চাষের জন্য উপজেলা প্রশাসন থেকে তিনি পুকুরটি ইজারা নিয়েছেন। স্থানীয় একটি স্কুলের জন্য প্রায় আট লাখ টাকার মাটি দরকার হওয়ায় তিনি ওই দীঘি থেকে বালু তুলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানেন। ইউএনও মাসুদ আলম সিদ্দিকী জানান, বালু উত্তোলনের বিষয়টি জানার পর ওই ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।