রামগঞ্জে খালে বাঁধ নির্মাণ হুমকিতে বোরো ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুর-শাহারপাড়া সংযোগ খালে নির্মিত বাঁধ। এতে অর্ধশতাধিক একর জমির বোরো ফসল হুমকিতে পড়েছে l ছবি: প্রথম আলো
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুর-শাহারপাড়া সংযোগ খালে নির্মিত বাঁধ। এতে অর্ধশতাধিক একর জমির বোরো ফসল হুমকিতে পড়েছে l ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুর-শাহারপাড়া সংযোগ খালে বাঁধ দেওয়ায় অর্ধশতাধিক একর জমির বোরো ফসল হুমকিতে পড়েছে। বাঁধের কারণে সেচ দিতে না পারায় ধানগাছগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজন মাটি ব্যবসায়ী এক মাস ধরে খালে বাঁধ দিয়ে ইটভাটায় ইট তৈরির জন্য মাটি নিচ্ছেন। গত সোমবার উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বাঁধ কেটে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়।
মফিজুর রহমান, মহিউদ্দিনসহ সাতজন স্থানীয় বাসিন্দা জানান, ভাদুর ইউনিয়নের সমেষপুর-শাহারপাড়া সংযোগ খালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাঁধ দেওয়া হয়। ভাদুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন সুমন, দেহলা গ্রামের মাহবুবুর রহমান মুন্সিসহ কয়েকজন মাটি ব্যবসায়ী এ বাঁধ দেন। এ সময় কৃষকেরা ভয়ে তাঁদের বাধা দিতে পারেননি।
কয়েকজন কৃষক জানান, বাঁধের কারণে মাঠের দুপাশে আবাদ করা অর্ধ শতাধিক একর জমিতে ঠিকমতো পানি দেওয়া যাচ্ছে না। এতে হুমকিতে পড়েছে আবাদ করা বোরো ধান। দুই বছর আগে কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের মাধ্যমে খালটি পুনঃখনন করা হয়।
ইউপি সদস্য সালাউদ্দিন সুমন বলেন, ‘খালটি সরকারি নয়। আমাদের ব্যক্তিগত মালিকানার জমিতে খালটি করা হয়েছে। মাটি নেওয়া শেষ হলে বাঁধটি কেটে দেওয়া হবে।’
ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। সভায় ইউএনও আমাকে বাঁধটি অপসারণের জন্য বলেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে বাঁধটি কেটে দেওয়া হবে।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ বলেন, কৃষকদের কাছ থেকে খবর পেয়ে তহশিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে বাঁধটি কেটে দেওয়ার জন্য। এরপরও তাঁরা বাঁধ না কাটলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।