রামগঞ্জে খুরারোগে এক মাসে ১৭টি গরুর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুগ্ধ খামারগুলোতে খুরারোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক মাসে এই রোগে মিল্ক ভিটার আওতাধীন ১০টি দুগ্ধ খামারের ১৭টি উন্নত জাতের গরুর মৃত্যু হয়েছে।গরু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে গত শনিবার রাতে রামগঞ্জ থানাসংলগ্ন ওয়াপদা সড়কে মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজের খামারিদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগ করা হয়, খুরারোগের জন্য মিল্ক ভিটা কর্তৃপক্ষ খামারগুলোতে ভারতীয় একটি কোম্পানির রাখসা ভ্যাকসিন দেয়। কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা না থাকায় গরুগুলো মারা গেছে।২০০৫ সালের ৩১ ডিসেম্বর রামগঞ্জে মিল্ক ভিটার যাত্রা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ উপজেলার ভাদুড় ইউনিয়নের আনোয়ার কবিরের খামারে খুরারোগ দেখা দেয়। বিষয়টি মিল্ক ভিটা কর্তৃপক্ষকে জানালে তারা ভারতের তৈরি রাখসা ভ্যাকসিন দেয়। কিন্তু তাতে কাজ হয়নি। খুরারোগে আনোয়ারের পাঁচটি গরু মারা যায়।চাঙ্গীরগাঁও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গতকাল রোববার পর্যন্ত খুরারোগে ১৭টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩৭১টি। খুরারোগ ধরা পড়ার পর মিল্ক ভিটা থেকে খামারগুলোতে প্রতিষেধক দেওয়া হয়। এর পরও ভাদুর ইউনিয়নের লকিয়তুল্লাহর খামারে ৫০টি গরু এই রোগে আক্রান্ত হয় এবং এর মধ্যে সাতটি মারা যায়। নন্দনপুরের কামরুল পাটোয়ারীর ১০টি আক্রান্ত গরুর মধ্যে মারা গেছে তিনটি। ফজল রহমানের আটটির মধ্যে মারা গেছে একটি গরু।জানতে চাইলে রামগঞ্জ মিল্ক ভিটায় কর্মরত চিকিৎসক মো. আক্তারুজ্জামান বলেন, ‘খামারিদের গরু মারা যাওয়ার কথা তিনি শুনেছেন। কিন্তু কী কারণে মারা গেছে, তা নির্ণয় করা যায়নি। তবে এফএমডি (খুরারোগ) গরুর জন্য মহামারি। এই রোগের ভাইরাস সাতটি। আমরা যে রাখসা ভ্যাকসিন দিচ্ছি, তাতে চারটি ভাইরাস রোধ (আইডিন্টিফাই) হচ্ছে। বাকি তিনটি ভাইরাস গরুর দেহেই থেকে যাচ্ছে। তাই রাখসা ভ্যাকসিনকে অকেজো বা এর গুণাগুণ নেই তা বলা যাবে না।’