লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গাঁজা বিক্রির দায়ে যুবলীগের তিন নেতা-কর্মীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী গত বৃহস্পতিবার রাত ১০টায় এ শাস্তি দেন।থানা সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুর বাজারে বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাঁজা বিক্রির সময় পুলিশ গাঁজাসহ তিনজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল করিম, কর্মী শরীফ হোসেন ও সোহাগ হোসেন।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া বলেন, পুলিশ গাঁজাসহ তাঁদের হাতেনাতে আটক করে।এদিকে রায়পুর পৌর শহরের মধুপুর এলাকা থেকে পুলিশ চার জুয়াড়িকে আটক করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর তাঁদের প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করেন।জুয়াড়িরা হলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ, আবু তাহের ভূঁইয়া, জসিম উদ্দিন ও দেলোয়ার হোসেন।রায়পুর থানার এসআই মো. শামছুল ইসলাম বলেন, আটক হওয়া জুয়াড়িদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে জরিমানা আদায় করেন।