রামগঞ্জে টিআরের অধিকাংশ প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অধীন অধিকাংশ প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ না করেই বরাদ্দ দেওয়া চাল আত্মসাৎ করা হয়েছে। সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঠপর্যায়ে তদন্ত করতে গিয়ে এ অভিযোগের সত্যতা পান।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের নামে ২০১১-১২ অর্থবছরের জন্য টিআরের আওতায় ২২২টি প্রকল্পের বিপরীতে ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। সভাপতি অধিকাংশ প্রকল্পের কাজ না করিয়ে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠায় পিআইও ৩ জুলাই সরেজমিনে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।পিআইও অরুণেন্দ্র কিশোর চক্রবর্তী জানান, তিনি ৩ জুলাই পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ২৯টির মধ্যে ১৮টি প্রকল্প পরিদর্শন করেন। এর মধ্যে সোনাপুর মালেরবাড়ী মসজিদ, সোনাপুর রাস্তা, সোনাপুর ওয়াপদা রাস্তা থেকে মিঝিবাড়ী রাস্তা, সোনাপুর আল জামাতুল মাদ্রাসা, সোনাপুর সোদেরবাড়ী থেকে কলচমা রাস্তা, সেলিম আঠিয়া করা মাদ্রাসা, কাদের আঠিয়া করা মসজিদ, কমরদিয়া নাসিম ডাক্তারের নামাজের ঘর ও কমরদিয়া মিঝিবাড়ী জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব প্রকল্পে কোনো কাজ হয়নি।পিআইও আরও জানান, উপজেলার কমরদিয়া নাসিম ডাক্তারের নামাজের ঘর উন্নয়ন প্রকল্পের সভাপতি নাজমুল হক তিন বছর আগে মারা যান। তাঁকে জীবিত দেখিয়ে এই নামাজঘরের জন্য বরাদ্দ দেওয়া এক মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে।সরেজমিনে জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া দারুল উলুম নুরানী মাদ্রাসা উন্নয়নের জন্য এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই মাদ্রাসার প্রধান মনির হোসেন নিজে প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান। তবে প্রকল্পের সভাপতি আনোয়ার উল্যা মিয়া জানান, প্রকল্পের টাকা দিয়ে তিনি মাদ্রাসার টিন কিনেছেন এবং সাইনবোর্ড তৈরি করে ঝুলিয়ে দিয়েছেন।পৌরসভার টামটার জমাদারবাড়ীর জহিরুল ইসলাম ও এলাকার শামসুদ্দিন জানান, জমাদারবাড়ীর রাস্তা নামে একটি প্রকল্পের চাল স্থানীয় মহিলা কাউন্সিলর জাহানারা আক্তার কাজ না করে আত্মসাৎ করেছেন। কাউন্সিলর জাহানারা আক্তার বলেন, ‘এমপির দলীয় লোকজন কাজ করেছে। আমাকে নামমাত্র সভাপতি করা হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’আঙ্গারপাড়া গ্রামের রওশন আলী পাটোয়ারীবাড়ীর সাফায়েত হোসেন শাকিল ও বেলাল হোসেন জানান, গত এক বছরেও তাঁদের বাড়ির রাস্তার কোনো উন্নয়নকাজ তো দূরের কথা, এক টুকরি মাটিও ফেলা হয়নি। কিন্তু এই রাস্তার জন্য বরাদ্দ করা দুই মেট্রিক টন চাল কাজ না করে আত্মসাৎ করা হয়েছে। তবে প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, তিনি রাস্তায় মাটি ফেলেছেন।পিআইও অরুণেন্দ্র কিশোর চক্রবর্তী বলেন, ‘যেসব প্রকল্পে কোনো কাজ হয়নি, সেসব প্রকল্পের কমিটির সভাপতিদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হবে।’ রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকী বলেন, ‘প্রতিষ্ঠানগুলো দেখে প্রকল্প দেওয়া উচিত ছিল। যেসব প্রকল্পে কাজ করা হয়নি, আগামী ১৫ দিনের মধ্যে সেসব প্রকল্পের কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, ‘দলীয় নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী আমি প্রকল্পের চাল ছাড় করতে ডিওতে সই দিয়েছি। প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে হয়েছে কি না, তা প্রশাসনের যাচাই-বাছাই করা উচিত ছিল। তাহলে আর সমস্যা হতো না।’