রামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব মাসিমপুর গ্রামে গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সেকান্তর আলী (৫০)। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুই নারীকে আটক করেছে।এলাকাবাসী জানান, পূর্ব মাসিমপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সেকান্তর আলীর সঙ্গে পার্শ্ববর্তী বেপারী বাড়ির মফিজ উল্লাহর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল মফিজ ৬০-৭০ জনের একটি দল নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে বেড়া দিতে গেলে সেকান্তর আলী বাধা দেন।এ সময় সন্ত্রাসীরা হামলা চালালে সেকান্তরের ছেলেরাও এগিয়ে আসে। দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। সন্ত্রাসীরা সেকান্তরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর ও চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সালেহা বেগম (৩৫) ও সেতারা বেগম (৫২) নামের দুই নারীকে আটক করা হয়েছে।