রামগঞ্জে দুর্গত এলাকায় ঝড়ের দুই দিন পরও ত্রাণ পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুর্গত এলাকায় ঝড়ের দুই দিন পরও কোনো ত্রাণ পৌঁছায়নি। এদিকে গতকাল বুধবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তিরঞ্জন বৌদ্ধ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উল্লেখ্য, উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া ও বিষ্ণুপুর গ্রামে গত সোমবারের ঝড়ে শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। আহত হয় শিশু-নারীসহ কমপক্ষে ২০ জন। এ ছাড়া ঘটনার পর থেকে ওই এলাকা বিদুৎ-সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এলাকাবাসী জানায়, ঝড়ে দুটি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। অথচ গতকাল বিকেল পর্যন্ত সরকারিভাবে সেখানে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। এতে অনেকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। ভোলাকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা আজম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে। গতকাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। দু-এক দিনের মধ্যে ত্রাণ দেওয়া হবে। এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অরুণেন্দু কিশোর চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। প্রাথমিকভাবে ৬০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে বসতঘর নির্মাণের জন্য সহায়তা করা হবে।