রামগঞ্জে দেড় হাজার মানুষ আর্সেনিকোসিসে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে আরও ২৮৬ জন আর্সেনিকোসিস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত প্রায় দেড় হাজার রোগীর সন্ধান পাওয়া গেল।আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী শনাক্ত করতে গত ৪ মার্চ থেকে উপজেলা স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীরা জরিপ শুরু করেন। ২২ মার্চ জরিপের কাজ শেষ হয়। পরে জরিপের ফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। এতে বলা হয়, ২০০৯ সালে চালানো জরিপে এক হাজার ১৫৮ জন রোগী শনাক্ত করা হয়। মার্চের জরিপে ২৮৬ জন আর্সেনিকোসিস রোগীর সন্ধান পাওয়া গেল। এ নিয়ে রামগঞ্জে আর্সেনিকোসিসে আক্রান্ত মানুষের সংখ্যা এক হাজার ৪৪৪ জনে দাঁড়াল। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন জানান, সাম্প্রতিক জরিপে বেশি আর্সেনিকোসিস রোগী পাওয়া গেছে করপাড়া ইউনিয়নে, ৬৫ জন। এ ছাড়া লামছরে ৫০, চণ্ডীপুরে ৪৬, ইছাপুরে ৩৮, নোয়াগাঁয়ে ২৩, ভাট্টায় ১৯, কাঞ্চনপুরে ১৫, ভাদুরে ১৩, ভোলাকোটে নয় ও দরবেশপুর ইউনিয়নে আটজন রোগী শনাক্ত করা হয়।রামগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান উদ্দিন আজাদ বলেন, ‘প্রায় দেড় হাজার রোগী শনাক্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ তিনি জানান, আগে যাঁরা আর্সেনিকোসিসে আক্রান্ত ছিলেন তাঁদের চিকিৎসা চলছে। নতুন সবাইকেও চিকিৎসার আওতায় আনা হবে।করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নে এবার বেশি রোগী চিহ্নিত করা হয়েছে বলে শুনেছি। গ্রামের মানুষ এখনো স্বাস্থ্যসচেতন নয়। তারা অনেক সময় লাল চিহ্ন দেওয়া নলকূপের পানি পান করছে।’ তিনি আরও বলেন, গভীর নলকূপগুলো আর্সেনিকমুক্ত কি না তাও পরীক্ষা করা দরকার।রামগঞ্জ জনস্বাস্থ্য কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, জেলার সবচেয়ে বেশি আর্সেনিক-কবলিত এলাকা রামগঞ্জ। এখানে আগের চেয়ে বেশি মানুষ এখন আর্সেনিকমুক্ত পানি পানের সুযোগ পাচ্ছেন। রামগঞ্জে তিন হাজার ২০৫টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে যা চাহিদার তুলনায় অপ্রতুল। তিনি জানান, বরাদ্দ না থাকায় গভীর নলকূপগুলোতে আর্সেনিক আছে কি না তা পরীক্ষা করা যাচ্ছে না। সতর্কতা হিসেবে লাল রং দেওয়া নলকূপের পানি পান না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।আর্সেনিকোসিসে আক্রান্ত উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী নাছরিন আক্তার বলেন, ‘এক-দেড় বছর ধরে আমার হাতের তালু ও পা কালো হয়ে গেছে। এটা যে আর্সেনিক রোগের লক্ষণ, জানা ছিল না।’লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আবদুল্লাহ বলেন, আর্সেনিকযুক্ত পানি পান করলে যকৃত, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। রামগঞ্জে আর্সেনিক পরিস্থিতি ভয়াবহ।প্রসংগত, ১৯৯৯ সালের ৮ ফেব্রুয়ারি রামগঞ্জের চণ্ডীপুর স্কুল মাঠে আর্সেনিকের ওপর আন্তর্জাতিক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশসহ ১২টি দেশের ১০০ জন আর্সেনিক-বিশেষজ্ঞ অংশ নেন। ওই সময় তাঁরা উপজেলায় ২৮৬ জন আর্সেনিকোসিস রোগী শনাক্ত করেন। তখন বিশেষজ্ঞরা বলেছিলেন, বাংলাদেশ সরকারের উচিত তাদের সব পর্যায় থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দাতা সংস্থার সহযোগিতা নিয়ে আর্সেনিক দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু ১৩ বছর পরও আর্সেনিক ঝুঁকিতে রয়েছে রামগঞ্জের মানুষ।