রামগঞ্জে নানা অনিয়মের অভিযোগ, আটক ২০
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দেওয়া হয়। নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। এ ছাড়া ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল সকাল আটটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত রামগঞ্জের দরবেশপুর ইউপির চারটি, ভাদুর, ভোলাকোট ও ভাটরা ইউপির তিনটি করে কেন্দ্র এবং নোয়াগাঁও ইউপির দুটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে সকাল ৯টা ৩৭ মিনিটে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউপির আইয়েন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে সুমন ও পলাশ নামের দুজনকে পাওয়া যায়। তাঁরা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের সমর্থক। ভোটারদের তাঁদের সামনেই নৌকা প্রতীকে ভোট দিতে বলছিলেন। আর নৌকা প্রার্থীর এজেন্ট মনির হোসেন নারী ভোটারদের বুথে ঢুকে নিজেই ব্যালট পেপারে সিল মারছিলেন। এসব বিষয়ে জানতে চাইলেপ্রিসাইডিং কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস কোনো সদুত্তর দিতে পারেননি।
বেলা ১১টার দিকে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বশির আহমদ ও শফিক নামের দুজন এজেন্ট নৌকা প্রার্থী বশির আহমেদের পক্ষে নৌকা প্রতীকে সিল মারছেন।
তবে প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন বলেন, এ কেন্দ্রে এমন কিছু ঘটছে না এবং কোনো অভিযোগও নেই। কেন্দ্রের বারান্দায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক অবস্থান নেন। তিনি নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিচ্ছিলেন।
ভাটরা ইউপির বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মো. ইকবাল হোসেন নামের এক ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রটি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের দখলে। নারীদের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন তাঁরা। আর পুরুষ ভোটাররা নৌকায় প্রকাশ্যে ভোট না দিলে ইউপি সদস্য পদে ভোট দেওয়ার জন্য পর্দার আড়ালে যেতে দিচ্ছেন না। তবে প্রিসাইডিং কর্মকর্তা হরিপদ দাস এসব অভিযোগ অস্বীকার করেন। এ সময় কেন্দ্রের বাইরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহানকে গাড়ি নিয়ে অবস্থান করতে দেখা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বলেন, প্রকাশ্যে সিল মারাসহ কয়েকটি অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।