রামগঞ্জে নারীকে জবাই, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে নূরজাহান বেগম (৬০) নামের এক নারীকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর ভাগনে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পৌর শহরের সোনাপুর গ্রামের মো. সেলিম মিয়ার ভাগনে হাবিবুর রহমান (২২) শনিবার রাত ১০টার দিকে শাওন ওরফে রিয়াল (২৫) নামে এক সহযোগীকে নিয়ে তাঁর বাড়িতে বেড়াতে আসেন। খাওয়া-দাওয়া শেষে তাঁদের ঘুমানোর ব্যবস্থা করা হয়। রাত ১২টার দিকে সেলিম মিয়ার স্ত্রী নূরজাহান বেগম হাবিব ও তাঁর সহযোগীর কক্ষে মশারি টানাতে যান। এ সময় হাবিব ও রিয়াল তাঁকে জাপটে করে গলায় চাপাতি ধরে ঢাকায় তাঁদের সম্পত্তি হাবিবের নামে লিখে দিতে বলেন। কিন্তু এতে রাজি না হওয়ায় হাবিব ও রিয়াল তাঁকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, নূরজাহানের গোঙানির শব্দ শুনে তাঁর বোন সকিনা বেগম (৬৫), মেয়ে মায়া বেগম (৩৫), ছেলে সেলিম (৩০) ও ছেলের বউ সুমি আক্তার (২০) এগিয়ে এলে ঘাতকেরা তাঁদেরও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় সুমি কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে অন্য একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে স্থানীয় লোকজনকে মুঠোফোনে খবর দেন। পরে গ্রামবাসী মসজিদের মাইকে গ্রামে ডাকাত ঢুকেছে বলে ঘোষণা দিলে শত শত লোক বাড়িটি ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে হাবিব ও রিয়ালকে আটক করে। পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম ও মায়া বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা ও নোয়াখালীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সকিনা বেগম ও সুমি আক্তারকে চিকিৎসা দেওয়া হয়েছে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে।জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।