রামগঞ্জে নারীর চুল কাটার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক নারী শ্রমিকের মাথার চুল কেটে তাঁর ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি নুর হোসেনকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ মামলায় এ নিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার হওয়া ওই নারীর নাম খুরশিদা বেগম (৪০)। তাঁর স্বামী মারা গেছেন। ব্রহ্মপাড়া গ্রামের রামগঞ্জ-চাঁদপুর ওয়াপদার (বেড়িবাঁধ) পাশে তিনি বাস করেন। গত মঙ্গলবার কাজ শেষে বিকেল পাঁচটার দিকে বাড়ি ফেরার সময় স্থানীয় হাছিনা বেগম তাঁর স্বামীর সঙ্গে পরকীয়া রয়েছে অভিযোগ তুলে খুরশিদাকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন। একপর্যায়ে হাছিনা বেগমসহ চার-পাঁচজন তাঁকে তাঁদের বাড়িতে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে মাথার চুল কেটে চুনকালি মেখে দেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে খুরশিদা বেগম হাছিনার বাবা নুর হোসেনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
গত বুধবার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নুরজাহান বেগম ওরফে মুক্তা খুরশিদার চিকিৎসা ও মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ওই দিনই তিনি রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে খুরশিদা বেগমকে নির্যাতনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
খুরশিদা বেগম অভিযোগ করেন, ওয়াপদা সড়কে স্থানীয় সরকার প্রকৌশ অধিদপ্তরের অধীনে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাজ শেষে ঘরে ফিরছিলেন তিনি। এ সময় নুর হোসেন, তাঁর ছেলে ফারুক হোসেন, আজিজ ও মেয়ে হাছিনা বেগম তাঁকে আটক করে নিয়ে যান। এরপর তাঁরা তাঁকে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করে মাথার চুল কেটে দেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া প্রথম আলোকে বলেন, খুরশিদা বেগমকে নির্যাতনের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ঘটনার পরপরই হাছিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।