রামগঞ্জে নির্বাচনী সহিংসতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সহিংসতা অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে অন্তত ২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ও মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে।সর্বশেষ গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ উল্লাহর সমর্থকেরা সাতটি মোটরসাইকেল নিয়ে বেড়ির মাথা এলাকায় যান। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়েরের সমর্থকেরা মোটরসাইকেলগুলো রেখে দেন এবং তাঁদের মারধর করেন।অভিযোগ অস্বীকার করে আবুল খায়েরের সমর্থক জসিম উদ্দিন বলেন, ‘ওই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, আমরা জানি না। রোববার মোহাম্মদ উল্লাহর সমর্থকেরা আমাদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।’এর আগে গতকাল সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলামের কর্মী মাসুদকে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। এর আগে গত রোববার ওই ইউনিয়নের কামারহাট এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম ও কামাল হোসেন ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রশিদ বলেন, গত শনিবার তিনি এলাকায় প্রচার চালাতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় তাঁরা একটি মাইক ভেঙে ফেলেন।অপর চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভায়রার ছেলে। এ জন্য তিনি নির্বাচনী আইন অমান্য করে আচরণবিধি লঙ্ঘন করছেন। আমার নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন।’প্রার্থী কামাল হোসেন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, গত শুক্রবার চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম শতাধিক মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেন। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন।এ ছাড়া গতকাল বিকেলে উপজেলার লামচর ইউনিয়নের বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমানকে তাঁর বাড়ি থেকে ১০-১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। অবশ্য এক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মফিজুরের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইন্ধনে তাঁকে অপহরণ করা হয়েছিল।স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার রামগঞ্জের পাঁচটি ইউপিতে নির্বাচন হবে। নির্বাচন ঘিরে বেড়ে গেছে সহিংসতা।প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম বাবুর নেতৃত্বে একদল যুবক ওই ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী অলি উল্যাহর কর্মী-সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালান। রাশেদুল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমির হোসেন খানের কর্মী। হামলার খবর ছড়িয়ে পড়লে অলি উল্যাহর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা দা, লাঠিসোঁটা নিয়ে রাশেদুলের বাহিনীর ওপর হামলা চালান। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।রামগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রার্থী আমির হোসেনের কর্মী আবুল হাশেম বাদী হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী অলি উল্যাহসহ ২০ জনকে আসামি করে মামলা করেছেন।এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান কন্ডাক্টর বলেন, বিএনপির সন্ত্রাসীরা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তাদের ভয়ে ভোটার ও প্রার্থীরা আতঙ্কে আছেন।লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র ও শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে। তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে এক ভোট পেলেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হবেন।যোগাযোগ করা হলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় টুকটাক সংঘর্ষের ঘটনা ঘটছে। সহিংসতা রোধে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।