রামগঞ্জে পাঁচ পুলিশ কর্মকর্তার নামে মামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার যুবদলের স্থানীয় নেতা সাইফুল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তারের পর থানাহাজতে শারীরিক নির্যাতনসহ সিরিঞ্জ দিয়ে খুঁছিয়ে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
গত মঙ্গলবার সাইফুলের বাবা সামছুন নূর পাটওয়ারী মামলাটি করেন। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করেন।
গতকাল বুধবার মামলার শুনানি শেষে আদালত ২৪ ঘণ্টার মধ্যে কারা কর্তৃপক্ষকে সাইফুলের শারীরিক পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উপজেলার চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি সাইফুল। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সাইফুলের স্ত্রী সিমু আক্তার ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পুলিশের নির্যাতনের শিকার ওই যুবদল নেতা ঢাকায় ঝুট ব্যবসা করেন। তিনি গত বুধবার (৬ আগস্ট) রাতে বাড়িতে আসেন।
বৃহস্পতিবার দুপুরে ইছাপুর এলাকা থেকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পরে থানায় নিয়ে প্রচণ্ড নির্যাতন চালানো হয় তাঁর ওপর। পুলিশ সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে তাঁর চোখ নষ্ট করে দেয়। সাইফুল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে মামলায় দাবি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী রফিক উল্যা বলেন, মামলায় ওসি লোকমান, পুলিশের উপপরিদর্শক শরীফ হোসেন, মমিন হোসেন, মোজাম্মেল হোসেন ও লুৎফুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিচারক মঞ্জুরুল বাছিদ শুনানি শেষে কারা কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে সাইফুলের শারীরিক পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
উপজেলা যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘গতকাল বুধবার সাইফুলকে যখন আদালতে হাজির করা হয় তখন তাঁর এক চোখ ব্যান্ডেজে বাঁধা ছিল। অপর চোখটিও তিনি খুলতে পারছিলেন না। যেসব পুলিশ এভাবে নির্যাতন করেছে আমি তাঁদের বিচার দাবি করছি।’
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, সাইফুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে রামগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে। এলাকাবাসী তাঁকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। ওই সময়ই সাইফুলের চোখে আঘাত লাগে। তাঁর চিকিৎসা চলছে। তবে সাইফুলের বাবার মামলার কোনো কপি পাননি বলে জানান তিনি।