রামগঞ্জে পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্র আট ঘণ্টা ক্ষুব্ধ গ্রাহকদের নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রটি গত মঙ্গলবার রাতে ক্ষুব্ধ গ্রাহকেরা আট ঘণ্টা নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। তাঁরা রায়পুর ও রামগঞ্জের সব বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। পরে শুধু তাঁরা পানপাড়া (৬ নম্বর ফিডার) এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেন। এদিকে ওই আট ঘণ্টা বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা অফিসের দরজা-জানালা ভাঙচুর করেন। এ ঘটনায় মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গ্রাহকেরা রাত নয়টার দিকে ওই উপকেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে নেন। প্রশাসনের অনুরোধে পরে তাঁরা গতকাল ভোর পাঁচটায় নিয়ন্ত্রণ ছেড়ে এলাকা ত্যাগ করেন। এ কারণে রায়পুর উপজেলায় কয়েকটি এলাকার প্রায় ১২ হাজার গ্রাহক ও রামগঞ্জ উপজেলার কয়েকটি এলাকার ১০ হাজার গ্রাহক আট ঘণ্টা বিদ্যুৎ না পেয়ে ভোগান্তির শিকার হন।পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ আবদুল আজিজ বলেন, ‘এ কেন্দ্র থেকে রায়পুর ও রামগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। পানপাড়া এলাকার দেড় শতাধিক ব্যক্তি রাত নয়টায় উপকেন্দ্রে আসেন। এ সময় তাঁরা আমাদের রুমে আটকে রাখেন। সব লাইন বন্ধ করে শুধু ৬ নম্বর ফিডার চালু রাখতে বাধ্য করা হয়। এ সময় টানা আট ঘণ্টা এক লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়।’ গ্রাহক জয়নাল আবেদিন ও সাইফুল মিয়া জানান, দেশের অনেক উপজেলায় এখন বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় আছে। কিন্তু রায়পুর ও রামগঞ্জে এখনো ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং থাকে। তাই ক্ষুব্ধ গ্রাহকেরা এ ঘটনা ঘটিয়েছেন। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, কর্মচারীদের জিমিঞ্চ করে উপকেন্দ্রটি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয় দুঃখজনক। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।