রামগঞ্জে প্রধানমন্ত্রীর ছবিতে অগ্নিসংযোগ প্রতিবাদ সভা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত দুটি ডিজিটাল ফেস্টুন আগুন লাগিয়ে পুড়ে ফেলার প্রতিবাদে লামচর বাজারে আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে। লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরু মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল বাশার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।গত বৃহস্পতিবার রাতে লামচর এলাকায় দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ আগস্ট গ্রেনেড হামলার ছবিসংবলিত দুটি ডিজিটাল ফেস্টুন আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। রামগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত উপজেলার লামচর এলাকায় বৈদ্যুতিক পিলারে টানানো দুটি ফেস্টুন নামিয়ে পুড়িয়ে ফেলে।রামগঞ্জ থানার এসআই ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।