রামগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকালে এক সৌদিপ্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রবাসীর এক ভাতিজার বিরুদ্ধে মামলা হয়েছে। হামলা ও লুটপাট ছাড়াও মামলায় চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।গতকাল বুধবার মামলাটি করেছেন রামগঞ্জ পৌর এলাকার সোনাপুর গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী আবুল বাসারের স্ত্রী রুনা আক্তার। মামলা সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের বাসিন্দা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আবুল কাশেম ও তাঁর ছেলে মো. জাহিদ (২৫) সম্প্রতি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সৌদিপ্রবাসী আবুল বাসারের পরিবারের কাছে। আবুল কাশেমের আপন ভাই আবুল বাসার। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়া বাসারের স্ত্রী রুনা আক্তারকে মারধর ও লাঞ্ছিত করা হয়। তবে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর আগে আবুল বাসারের নামে তাঁর মা কিছু সম্পত্তি লিখে দেন। এতে তাঁর বড় ভাই আবুল কাশেমের ছেলে জাহিদ ক্ষিপ্ত হন। তিনি বিভিন্ন সময়ে ওই সম্পত্তি তাঁদের ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। বাবা বিজিবির সদস্য হওয়ায় তিনি এ ক্ষেত্রে সেই প্রভাব খাটিয়ে আসছেন। খোঁজ নিয়ে জানা যায়, বিজিবির সদস্য আবুল বাসার বর্তমানে টেকনাফে কর্মরত রয়েছেন। যোগাযোগ করা হলে তিনি তাঁর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে জাহিদ তাঁর (বাসারের) ঘরের বেড়া ভাঙচুর করে এবং সে গত ছয় মাস ধরে তাঁর ঘর দখলে রেখেছে। তবে এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’