রামগঞ্জে বিআরডিবির জমি দখল, ১৪৪ ধারা জারি
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে মামলা করার পর আদালত গত রোববার ওই সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করেছেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেন।বিআরডিবি সূত্রমতে, রামগঞ্জ-সোনাপুর সড়কের পাশে বিআরডিবির ২০ শতক জায়গা রয়েছে। সম্প্রতি আট ব্যক্তি জেলা পরিষদ থেকে ইজারা নেওয়ার নামে ওই জায়গা থেকে ১০ শতক দখল করে নিয়েছেন।বিআরডিবি সূত্র জানায়, পৌর আওয়ামী লীগের এক নেতার ছেলে সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন, আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন ও তাঁর ছোট ভাই একরাম হোসেন, মো. রফিকুল ইসলাম, মরিয়ম আক্তার এবং মনোয়ার হোসেন নামের আট ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে লোকজন নিয়ে বিআরডিবির ওই জায়গায় একটি টিনের ঘর (১০র্৩-১র্০) নির্মাণ করেন। এ ঘটনায় বিআরডিবির অধীন বিভিন্ন সমিতির ১৫ হাজার সদস্যের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সূত্র জানায়, জেলা পরিষদ ইজারা নেওয়া জায়গা বুঝিয়ে না দিলেও তাঁরা ওই জায়গা দখল করে নিয়েছেন। তাঁদের নির্মাণ করা ঘরের মধ্যে জেলা পরিষদের জায়গা রয়েছে মাত্র তিন ফুট।এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘ঘর ওঠানোর ব্যাপারে আমি কিছু জানি না।’ আর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘ঘর দিনে উঠিয়েছি, তবে রাতে বেড়া দিয়েছি।’সমবায় সমিতির আবু তাহের, খোকা পাটোয়ারীসহ একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সম্পত্তি বিআরডিবির, জেলা পরিষদ কীভাবে তাঁদের ইজারা দিয়েছে, তা বুঝতে পারছি না।’রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শাহাজাহান বাবুল মোল্লা বলেন, ‘আদালত ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দিয়েছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ আলম সিদ্দিকী বলেন, ‘ওই ব্যক্তিরা বলছেন, তাঁরা জেলা পরিষদ থেকে ওই জায়গা ইজারা নিয়েছেন। অন্যদিকে বিআরডিবি বলছে, ওই সম্পত্তি তাদের। তাই রামগঞ্জ ভূমি কার্যালয়ের জরিপকারীকে (সার্ভেয়ার) ওই জায়গা মাপার দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা পরিষদের হিসাবরক্ষক কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘আমরা জেলা পরিষদের সম্পত্তি ইজারা দিয়েছি, বিআরডিবির সম্পত্তি নয়।’ রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, আদালতের নির্দেশ পেয়ে বিরোধপূর্ণ সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।