রামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগঞ্জ শহরের পাটবাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের ইফতার অনুষ্ঠানে স্থানীয় সাংসদ বিএনপির নাজিম উদ্দিন আহম্মেদের পক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় পাঁচজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার পাটবাজারে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের কর্মীরা ইফতার অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের পক্ষের সন্ত্রাসীরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
দুই পক্ষের সংঘর্ষে ইফতার অনুষ্ঠানে আসা জালাল আহম্মেদ, নুরনবীসহ পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা যায়। গুলিবিদ্ধ ব্যক্তিরা অধিকাংশই সাধারণ মানুষ বলে স্থানীয় লোকজন জানান।
হামলা ও সংঘর্ষের কারণে আয়োজিত ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সাংসদ নাজিম উদ্দিন জানান, কাঞ্ছনপুরে ইফতার অনুষ্ঠানে যাওয়ার সময় কাওছার, জামান, মামুনসহ কয়েকজন সন্ত্রাসী তাঁর গাড়িতে হামলা চালায়।
এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং গাড়িচালক মো. বাবুল আহত হন। তিনি আরও জানান, শহরের পাটবাজারের ঘটনার সঙ্গে তাঁর কোনো নেতা-কর্মী জড়িত নন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল হক আকন্দ জানান, বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। সাংসদের গাড়িও ভাঙচুর করা হয়েছে।