রামগঞ্জে বিএনপির প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর রতনপুর এলাকার বাড়িতে গত শুক্রবার দুর্বৃত্তরা কয়েকটি ককটেল ছুড়েছে ও জানালার কাচ ভাঙচুর করেছে। একই দিন আওয়ামী লীগের কর্মীদের হামলায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত শুক্রবার বিকেলে সাতটি মোটরসাইকেলে ১৪ জন সন্ত্রাসী এসে মহড়া দিয়ে রতনপুর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে ওই সন্ত্রাসীরা রোমানের বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। হামলার সময় রোমান বাড়িতে ছিলেন না। রোমান হোসেন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের পাটোয়ারীর লোকজন আমার বাড়িতে হামলা করেন। কয়েক দিন ধরে সমর্থকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’ অভিযোগ সঠিক নয় বলে দাবি করে আবুল খায়ের বলেন, ‘আমার লোকজন এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন।’
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির চার-পাঁচজন নেতা জানান, গত শুক্রবার দুপুরে বিএনপি নেতা মিজানুর জেবি উচ্চবিদ্যালয় মাঠে প্রয়াত এক শিক্ষকের জানাজায় যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে চাঁদপুর–মতলব সড়কে পৌঁছালে মতলব উত্তর আওয়ামী লীগের কয়েকজন কর্মী তাঁকে এলোপাতাড়ি পেটান। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক বিল্লাল হোসেন মৃধা অভিযোগ করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। মিজানুর রহমান বলেন, বিনা কারণে তাঁর ওপর এ হামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. কবির হোসেন বলেন, এ ঘটনায় তাঁর দলের কোনো নেতা-কর্মী জড়িত নন। অন্য কেউ এটা করতে পারে।