রামগঞ্জে বিদ্যালয় ভবন বিক্রি করলেন সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বিক্রি করে দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি এটি বিক্রি করেন। ঠিকাদার এক লাখ টাকায় ভবনটি কিনে গত এক সপ্তাহ আগে ভাঙার কাজ শুরু করেন। গত দুই দিন থেকে তাঁরা ভবনের ইট, রড ও টিন নিয়ে যাচ্ছেন। সরকারি সম্পদ বিক্রির অভিযোগ পেয়ে গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারি সম্পদ ক্রয়-বিক্রি অপরাধ। সম্পদ বিক্রি করতে হলে কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে বিক্রি করার নিয়ম। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে আসি।’স্থানীয় কামরুল হোসেন ও সাইফুল ইসলাম জানান, ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি বিদ্যালয়ে পাঠদান চলত। ১৪ অক্টোবর স্থানীয় ঠিকাদার জুবায়ের হোসেন তাঁর লোকজন নিয়ে এসে বিদ্যালয়ের উত্তর পাশের ৪০ ফুট লম্বা ভবনটি ভাঙার কাজ শুরু করেন। দুই কক্ষবিশিষ্ট ভবনটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ওই ঠিকাদারের কাছে বিক্রি করেন। এ সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হলেও কেউ ভয়ে বাধা দেননি। টাকা আত্মসাতের অসৎ উদ্দেশ্যে এক লাখ টাকায় ভবনটি বিক্রি করা হয়। তবে ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিক্রি করা ভবনের ওই স্থানে নতুন চার তলা একটি ভবন নির্মিত হবে। বিদ্যালয়ের চেয়ার-টেবিল মেরামতসহ খুঁটিনাটি কাজের জন্য ভবনটি ৩০ হাজার টাকা বিক্রি করা হয়। বিদ্যালয়ের স্বার্থেই অনিয়ম করা হয়েছে। এখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, ১৩ অক্টোবর অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় ভবনটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এনিয়ে কার্যবিবরণীও লিপিবদ্ধ হয়েছে। তবে এ প্রক্রিয়ায় সরকারি ভবন বিক্রি সঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।