রামগঞ্জে বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করায় বিক্ষোভ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা কোনো কারণ দর্শানো ছাড়াই স্থগিত করায় প্রার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগের জন্য গত ২২ এপ্রিল একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত রোববার বেলা একটায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিন হঠাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। এতে দূর-দূরান্ত থেকে আসা প্রার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, ‘কেন প্রধান শিক্ষক পরীক্ষা স্থগিত করেছেন, তা আমার বোধগম্য নয়। তবে রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবদুল হান্নান নাকি তাঁকে ওই পরীক্ষার ব্যাপারে উকিল নোটিশ পাঠিয়েছেন।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘আগে জানালে আমাদের আজ (রোববার) আসতে হতো না।’ প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমি নিয়োগ কমিটির কাছে এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে জানাব। এখন কিছু বলতে পারব না।’